এক বছর পর অর্থনীতি থেকে আইনশৃঙ্খলা-সব ক্ষেত্রেই বিএনপি ব্যর্থ হবে: হাসনাত

নিজস্ব প্রতিবেদক :
spot_img

বিএনপি সরকার ক্ষমতায় থাকার এক বছর পর দেশের অর্থনীতি, আইনশৃঙ্খলাসহ বিভিন্ন খাতে ব্যর্থতার চিত্র ফুটে উঠবে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

- Advertisement -

শনিবার (৭ নভেম্বর) দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর বাংলামোটরে এনসিপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি সরকারের এক বছর পূর্ণ হলে অর্থনীতি থেকে শুরু করে আইনশৃঙ্খলা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে তাদের ব্যর্থতা দৃশ্যমান হবে। তার অভিযোগ, বিএনপি বরাবরই আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পথ দেখিয়েছে এবং বিভিন্ন আন্দোলনের সুফল নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করেছে।

জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, এ আন্দোলনকে কেন্দ্র করে বিএনপির মধ্যে এক ধরনের হীনমন্যতা কাজ করছে। একই সঙ্গে আওয়ামী লীগকে পুনর্বাসনের বিষয়ে বিএনপির বক্তব্যের সমালোচনা করেন তিনি।

হাসনাত বলেন, আওয়ামী লীগের পুনর্বাসন কিংবা রাজনৈতিক প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনার আগে দলটির শাসনামলে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। বিচারপ্রক্রিয়া সম্পন্ন না করে তাদের পুনর্বাসনের প্রশ্ন তোলা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় এনসিপির আরেক নেতা সারোয়ার তুষার বিএনপিকে নিজেদের দলের ভেতরের পরিস্থিতি খতিয়ে দেখার আহ্বান জানান। অন্য রাজনৈতিক দলে গুপ্ত অনুসন্ধান না করে বিএনপির অভ্যন্তরেই গুপ্তদের খুঁজে বের করার পরামর্শ দেন তিনি।

সারোয়ার তুষার আরও বলেন, আওয়ামী লীগকে কেন্দ্র করে বিএনপির অতীতের ভুলের পুনরাবৃত্তি করা উচিত হবে না। এ বিষয়ে দলটিকে সতর্ক অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন।

সর্বশেষ