স্বৈরাচারের প্রেতাত্মা ও বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
spot_img

নিজস্ব প্রতিবেদক: দেশে স্বৈরাচারের কোনো প্রেতাত্মা বা বীজ নতুন করে গজাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ব্যক্তিস্বার্থে সমাজে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট করেছেন তিনি।

- Advertisement -

মঙ্গলবার (১০ নভেম্বর) নওগাঁ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করছেন। ‘সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ’—এই লক্ষ্য সামনে রেখে দেশ এগিয়ে যাচ্ছে। এমন সময়ে স্বৈরাচারের কিছু প্রেতাত্মা সমাজের ভেতরে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।

এ ধরনের অপতৎপরতা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশ প্রশাসন ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে এসব চক্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশে আর কোনো স্বৈরাচারী শক্তির উত্থান হতে দেওয়া যাবে না।

পলাতক আওয়ামী লীগ নেতাদের প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, যারা সাবেক স্বৈরাচারী নেত্রীর বাংলাদেশে ফিরে আসার স্বপ্ন দেখছেন, তাঁরা বোকার স্বর্গে বাস করছেন। দেশবাসীকে ছেড়ে চলে যাওয়া ওই নেত্রীকে জনগণ আর গ্রহণ করবে না। তাঁর দেশে ফিরে আসার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

সমাজে অস্থিরতা সৃষ্টিকারীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য যারা বিশৃঙ্খলা ও অপকর্মে জড়াচ্ছে, তাদের প্রতি সরকারের অবস্থান কঠোর। কোনো অন্যায়কারী বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে সরকার প্রশ্রয় দেবে না।

অনুষ্ঠানে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য এনামুল হকসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন আয়োজিত আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনের মধ্য দিয়ে জেলার বিভিন্ন উপজেলার ফুটবল দলগুলোর অংশগ্রহণে প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সর্বশেষ