নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ সাড়ে চার বছর পর দুর্নীতি দমন কমিশনে (দুদক) চাকরি ফিরে পেলেন উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। আদালতের রায় ও আইনি প্রক্রিয়া শেষে তাঁকে পূর্ববর্তী জ্যেষ্ঠতা, বকেয়া বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
দুদক সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে চাকরিতে পুনর্বহালের আবেদন করেন শরীফ উদ্দিন। পরে ৫ নভেম্বর অনুষ্ঠিত কমিশনের ১৩/২০২৬ নম্বর সভায় তাঁর আবেদন পর্যালোচনা করা হয়। সভায় চাকরি থেকে অপসারণের আগের আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এরপর দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা আদেশে তাঁকে পুনরায় চাকরিতে বহাল করা হয়। আদেশ অনুযায়ী, পূর্ববর্তী জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার পাশাপাশি চাকরিচ্যুতির সময় থেকে প্রাপ্য বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন তিনি। আদেশ জারির তারিখ থেকেই পুনর্বহালের সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
আদালতের রায়ে ফিরল চাকরি
শরীফ উদ্দিনের চাকরিতে ফেরার পথ তৈরি হয় হাইকোর্টের এক রায়ের মধ্য দিয়ে। চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট আবেদন করেছিলেন। দীর্ঘ শুনানি শেষে ২০২৪ সালের ৯ জুলাই হাইকোর্ট তাঁর চাকরিচ্যুতির আদেশকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে বাতিল করেন। একই সঙ্গে জ্যেষ্ঠতা ও বকেয়া সুযোগ-সুবিধাসহ তাঁকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন।
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করেছিল। তবে পরবর্তী সময়ে কমিশন সেই আপিল আর পরিচালনা না করার সিদ্ধান্ত নেয়। গত ১৫ অক্টোবর ‘নট টু প্রসিড’ হিসেবে আবেদনটি খারিজ হয়। এরপর ২৯ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত দুদকের লিভ টু আপিল প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন। এতে শরীফ উদ্দিনের চাকরিতে ফেরার ক্ষেত্রে অবশিষ্ট আইনি বাধাও দূর হয়।
যেভাবে চাকরি হারিয়েছিলেন শরীফ উদ্দিন
২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের তৎকালীন পটুয়াখালী কার্যালয়ে উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এর আগে চট্টগ্রাম কার্যালয়ে দায়িত্ব পালনকালে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের তদন্ত করে আলোচনায় আসেন তিনি। ওই ঘটনায় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলার সুপারিশ করায় তাঁকে নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। এ সময় প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগে তিনি সাধারণ ডায়েরিও করেছিলেন।
চাকরি থেকে অপসারণের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেন শরীফ উদ্দিন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও আদালতের রায়ের পর অবশেষে দুদকের চাকরিতে ফিরলেন তিনি। ফলে সাড়ে চার বছর পর তাঁর চাকরির ধারাবাহিকতা, জ্যেষ্ঠতা ও আর্থিক পাওনাও পুনর্বহালের সিদ্ধান্তে অন্তর্ভুক্ত হলো।

