বাংলাদেশের জনগণ শেখ হাসিনার বিচার দেখতে চায়: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ বিষয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যমকে সরকারি প্রজ্ঞাপনের বিষয়টি বিবেচনায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

- Advertisement -

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ২০২৫ সালের ১২ মে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির প্রকাশনা এবং প্রচার-প্রচারণাও রয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি দলটির প্রচার-প্রচারণাও নিষিদ্ধ। গণমাধ্যমের এ বিষয়টি মনে রাখা উচিত।

অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তারের উদ্যোগ

সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, যারা এসব ঘটনা ঘটাচ্ছে, তাদের রাজনীতি ধ্বংসের রাজনীতি। অগ্নিসন্ত্রাস, গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তাদের বিরুদ্ধে দীর্ঘদিনের।

তিনি বলেন, রাতের অন্ধকারে বিচ্ছিন্নভাবে কয়েকজন এসে স্লোগান দিয়ে চলে যেতে পারে কিংবা গাড়ি ও বাসে আগুন দিয়ে পালিয়ে যেতে পারে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব ঘটনায় তৎপর রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

এ প্রসঙ্গে শেখ হাসিনার বিষয়ে তিনি বলেন, অগ্নিসন্ত্রাসের মূল হোতা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। দেশের জনগণ তাঁর বিচার দেখতে চায় বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার

মতবিনিময় সভায় গণমাধ্যমের স্বাধীনতা ও সম্প্রচার সাংবাদিকদের পেশাগত সমস্যা নিয়েও আলোচনা হয়। প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। সরকার দায়িত্বশীল সাংবাদিকতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন প্রত্যাশা করে, যাতে জনগণ সঠিক তথ্য পেতে পারে।

তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার এখন পর্যন্ত কোনো ইলেকট্রনিক বা প্রিন্ট গণমাধ্যমের কাজে হস্তক্ষেপ করেনি। ভবিষ্যতেও গণমাধ্যম নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপের কোনো পরিকল্পনা নেই।

টেলিভিশনের আয়ের উৎস বাড়ানোর প্রস্তাব

সভায় টেলিভিশন চ্যানেলগুলোর আর্থিক সংকট, সাংবাদিকদের বেতন-ভাতা, সুযোগ-সুবিধা, পেশাগত স্বাধীনতা এবং সম্প্রচারমাধ্যমের আধুনিকায়নের বিষয়গুলো তুলে ধরে বিজেসি প্রতিনিধিদল।

প্রতিনিধিরা জানান, দেশের অধিকাংশ টেলিভিশন চ্যানেল বিজ্ঞাপননির্ভর। বর্তমান বিজ্ঞাপন আয় দিয়ে অনেক প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় মেটানো এবং সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতা দেওয়া কঠিন হয়ে পড়েছে।

এ পরিস্থিতি থেকে উত্তরণে কেবল অপারেটরদের কাছ থেকে গ্রাহকপর্যায়ের সাবস্ক্রিপশন আয়ের একটি অংশ টেলিভিশন চ্যানেলগুলোকে দেওয়ার প্রস্তাব দেন তাঁরা। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনেও ডিজিটালাইজেশন সম্পন্ন না হওয়া পর্যন্ত এ ধরনের অন্তর্বর্তী ব্যবস্থা চালুর সুপারিশ রয়েছে বলে জানান প্রতিনিধিদলের সদস্যরা।

তাঁদের মতে, কমিশন প্রায় ৫৫টি অংশীজনের সঙ্গে আলোচনা করে বিভিন্ন সুপারিশ তৈরি করেছে। সেখান থেকে গুরুত্বপূর্ণ সুপারিশগুলো বাস্তবায়নে সরকারের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

প্রতিমন্ত্রী জানান, টেলিভিশন চ্যানেলগুলোর আয় বাড়ানো, ডিজিটাল প্ল্যাটফর্মের উন্নয়ন এবং বিদ্যমান নীতিমালায় প্রয়োজনীয় পরিবর্তন নিয়ে প্রতিনিধিদল বিভিন্ন প্রস্তাব দিয়েছে। লিখিতভাবে এসব দাবি মন্ত্রণালয়ে জমা দেওয়া হলে সেগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। গ্রাহকপর্যায়ের সাবস্ক্রিপশন আয়ের একটি অংশ টেলিভিশন চ্যানেলগুলোকে দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

গণমাধ্যম কমিশন গঠন ও মালিকদের জবাবদিহির দাবি

মতবিনিময় সভায় বার কাউন্সিলের আদলে একটি গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাব দেন সাংবাদিক প্রতিনিধিরা। তাঁদের মতে, এ ধরনের কমিশন গঠন করা হলে সংবাদপত্র, টেলিভিশন ও ডিজিটাল গণমাধ্যমের বিভিন্ন সমস্যা সমন্বিতভাবে সমাধানের সুযোগ তৈরি হবে।

একই সঙ্গে সাংবাদিকদের বেতন-ভাতা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে গণমাধ্যম মালিকদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান তাঁরা। যথাযথ বেতন ও সুযোগ-সুবিধা নিশ্চিত না হলে সাংবাদিকদের পক্ষে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা করা কঠিন হয়ে পড়ে বলেও উল্লেখ করেন প্রতিনিধিদলের সদস্যরা।

সভায় সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখার প্রত্যাশার পাশাপাশি সম্প্রচার খাতের আর্থিক ও কাঠামোগত সংকট সমাধানে বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়।

সর্বশেষ