আন্তর্জাতিক ডেস্ক: ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছে ভারত। দিল্লি এ বিষয়টিকে ‘আইনি বিষয়’ হিসেবে উল্লেখ করে বলেছে, প্রচলিত আইন অনুযায়ী এর সুরাহা হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ অবস্থান জানান।
ব্রিফিংয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিনিধি শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকা ও দিল্লির সর্বশেষ অবস্থান জানতে চান। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বিষয়টি আইনি এবং সে অনুযায়ী এর নিষ্পত্তি করা হবে।
শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। তবে ঢাকা তাঁর আবেদন প্রত্যাখ্যান করেছে। এ বিষয়ে দ্য হিন্দুর এক সাংবাদিক প্রশ্ন করলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, কোনো নাগরিকের নিজ দেশে ফেরার বিষয়টি সংশ্লিষ্ট দেশের হাইকমিশনের এখতিয়ারভুক্ত।
পাসপোর্ট ছাড়া কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করা সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, যেকোনো ভ্রমণের জন্য ভ্রমণনথি প্রয়োজন। এটি পুরোপুরি একটি কারিগরি প্রক্রিয়া।
এদিকে গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়েও ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়। আগামী ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। চুক্তি নবায়ন বা এ বিষয়ে দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠক নিয়ে আলোচনার অগ্রগতি জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ বিষয়ে তাদের কাছে আপাতত কোনো তথ্য নেই।

