ইউরোপের নিরাপত্তা নিয়ে নতুন প্রস্তাব দিতে রাশিয়াকে বলল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তির পাশাপাশি ইউরোপের সঙ্গে মস্কোর সম্পর্কের নতুন নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে উদ্যোগী হয়েছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে রাশিয়াকে নতুন নিরাপত্তা প্রস্তাব জমা দিতে বলেছে ওয়াশিংটন। প্রস্তাবে নিজেদের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ ও দাবির পাশাপাশি ইউরোপের সঙ্গে সামরিক উত্তেজনা কমাতে কী ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত, তা স্পষ্টভাবে উল্লেখ করতে বলা হয়েছে।

- Advertisement -

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে বৃহত্তর সমঝোতার অংশ হিসেবেই ইউরোপ ও রাশিয়ার মধ্যে নতুন নিরাপত্তা বন্দোবস্ত প্রতিষ্ঠার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।

বৃহস্পতিবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তাঁর জামাতা জ্যারেড কুশনারের। বৈঠকে তাঁরা রাশিয়াকে নতুন নিরাপত্তা প্রস্তাব দেওয়ার আহ্বান জানাবেন। একই সঙ্গে পরবর্তী রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার বিষয়েও পুতিনকে রাজি করানোর চেষ্টা করবেন। এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

মস্কো সফর শেষে বৃহস্পতিবার রাতে ডাবলিনে যাওয়ার কথা রয়েছে উইটকফ ও কুশনারের। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তাঁদের বৈঠক হওয়ার কথা।

ন্যাটোর সম্প্রসারণ নিয়ে রাশিয়ার পুরোনো দাবি

ইউরোপের নিরাপত্তা কাঠামো নিয়ে নতুন করে আলোচনার উদ্যোগ রাশিয়ার দীর্ঘদিনের দাবির সঙ্গে সম্পর্কিত। মস্কো বহু বছর ধরে ইউরোপের জন্য নতুন নিরাপত্তা চুক্তির দাবি জানিয়ে আসছে। এর মধ্যে রয়েছে ন্যাটোর সম্প্রসারণ সীমিত করা এবং পূর্ব ইউরোপে জোটটির সামরিক উপস্থিতি কমানো।

আগে যুক্তরাষ্ট্র এসব দাবি প্রত্যাখ্যান করলেও ইউক্রেন যুদ্ধের অবসানে বৃহত্তর সমঝোতার অংশ হিসেবে এখন বিষয়গুলো বিবেচনায় নেওয়ার আগ্রহ দেখাচ্ছে ওয়াশিংটন। তবে ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগ নিয়ে ইউরোপের অনেক দেশের সরকার সন্দেহ প্রকাশ করেছে।

আবুধাবিতে চলতি সপ্তাহে অনুষ্ঠিত রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে মার্কিন মধ্যস্থতাকারীদের বৈঠকেও নতুন নিরাপত্তা কাঠামোর বিষয়টি গুরুত্ব পেয়েছে। মঙ্গলবার ও বুধবারের ওই বৈঠক ছিল গত ফেব্রুয়ারির পর মার্কিন মধ্যস্থতায় দুই দেশের কর্মকর্তাদের প্রথম সরাসরি আলোচনা।

বৈঠকে রুশ প্রতিনিধিরা অভিযোগ করেন, ২০২১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পুতিন ইউরোপের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে একটি চিঠি পাঠালেও তার জবাব পাননি। রুশ আলোচকদের দাবি, ওই উদ্বেগের সমাধান না হওয়াই পরবর্তী সময়ে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর অন্যতম কারণ।

তবে কুশনার ও উইটকফ রুশ প্রতিনিধিদের জানিয়েছেন, ২০২১ সালের পর আন্তর্জাতিক পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। তাই পুরোনো দাবির পাশাপাশি বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়ে নতুন প্রস্তাব তৈরি করতে হবে।

ওয়াশিংটনের প্রত্যাশা, রাশিয়ার প্রস্তাবে এমন কিছু পারস্পরিক পদক্ষেপ থাকবে, যা ইউরোপের দেশগুলোর উদ্বেগ কমাতে পারে। বিশেষ করে ভবিষ্যতে ইউরোপের কোনো দেশে রাশিয়া সামরিক হামলা চালাবে না—এমন আশ্বাস দেওয়ার মতো ব্যবস্থা প্রস্তাবে রাখার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

শান্তি আলোচনায় ইউরোপের অংশগ্রহণ চায় যুক্তরাষ্ট্র

নতুন নিরাপত্তা বন্দোবস্ত নিয়ে আলোচনা এগিয়ে নিতে ইউরোপীয় প্রতিনিধিদের শান্তি প্রক্রিয়ায় যুক্ত করার ওপরও জোর দিচ্ছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র মনে করছে, ইউরোপের নিরাপত্তা নিয়ে কোনো সমঝোতা করতে হলে সংশ্লিষ্ট দেশগুলোর সরাসরি অংশগ্রহণ প্রয়োজন।

এ পর্যন্ত ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে রাজি হয়নি মস্কো। আবুধাবির বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি ইউরোপের কয়েকটি দেশের নেতৃত্বের সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, এসব দেশের নেতৃত্ব ইউক্রেনের জনগণের সঙ্গে প্রতারণা করছে এবং বেসামরিক মানুষের প্রাণহানির জন্য দায়ী। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, ইউক্রেন যুদ্ধের অবসানের অংশ হিসেবে ইউরোপের সঙ্গে বৃহত্তর নিরাপত্তা চুক্তিতে পৌঁছাতে চায় রাশিয়া।

মেদিনস্কির ভাষায়, ইউক্রেনের সংকট আসলে বৃহত্তর নিরাপত্তা সমস্যার একটি অংশ। তাই শুধু ইউক্রেন যুদ্ধের সমাধান নয়, পুরো ইউরোপীয় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা প্রয়োজন।

অন্যদিকে, সংবাদ সম্মেলনে কুশনার বলেন, রাশিয়ার নিজস্ব নিরাপত্তা-সংক্রান্ত আকাঙ্ক্ষা ও উদ্বেগ রয়েছে। তবে ইউরোপ যেন তাদের প্রস্তাব গ্রহণ করতে পারে, সে জন্য মস্কোকে উত্তেজনা কমানোর নতুন পদক্ষেপ নিতে হবে।

বন্দিবিনিময়ে সমঝোতা, আলোচনায় অগ্রগতির ইঙ্গিত

আবুধাবির বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা বন্দিবিনিময়ের একটি চুক্তিতে সম্মত হয়েছেন। কুশনার ও ইউক্রেনের আলোচক ডেভিড আরাখামিয়ার ভাষ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর এটি হতে পারে দুই দেশের মধ্যে সবচেয়ে বড় বন্দিবিনিময়।

বৃহস্পতিবার পুতিন ও জেলেনস্কির সঙ্গে বৈঠকের সময় মুক্তি পেতে যাওয়া বন্দির সুনির্দিষ্ট সংখ্যা নির্ধারণের কথা রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা।

বৈঠকে অংশ নেওয়া একটি সূত্র জানায়, দীর্ঘদিন সরাসরি আলোচনা না হওয়ায় মঙ্গলবারের বৈঠকের শুরুতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। উভয় পক্ষই নিজেদের অভিযোগ ও ক্ষোভ তুলে ধরে। পরিস্থিতি সামাল দিতে কুশনার ও উইটকফ আলোচকদের এমন বিকল্প প্রস্তাব তৈরির আহ্বান জানান, যা দুই দেশের নেতাদের সামনে উপস্থাপন করা সম্ভব।

পরে আলোচনা তুলনামূলক গঠনমূলক হয়ে ওঠে। বৈঠক শেষে কুশনার বলেন, আলোচনা বেশ কঠিন ছিল। ইউক্রেনের আলোচক আরাখামিয়াও জানান, রুশ প্রতিনিধিরা কঠোর নির্দেশনা নিয়ে এসেছিলেন এবং তাঁদের অবস্থান নমনীয় করা সহজ ছিল না। তবে শেষ পর্যন্ত আলোচনা ফলপ্রসূ হয়েছে।

যুদ্ধ শেষের আগেই দুই ধারায় সমঝোতার চেষ্টা

ট্রাম্প প্রশাসন ইউক্রেন যুদ্ধের অবসান এবং ইউরোপ-রাশিয়ার নতুন নিরাপত্তা কাঠামো—এই দুই বিষয়ে সমান্তরালভাবে আলোচনা এগিয়ে নিতে চায়। তবে নতুন নিরাপত্তা ব্যবস্থার বাস্তবায়ন শুরু হবে যুদ্ধের অবসান ঘটানোর চুক্তি সম্পন্ন হওয়ার পর।

আবুধাবি আলোচনার আগে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন জানিয়েছিলেন, ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার পরই ইউরোপ নতুন নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা করবে। তবে চলতি সপ্তাহের বৈঠকে অংশ নেওয়া ইউরোপীয় কর্মকর্তারা যুদ্ধের সমাপ্তি এবং বৃহত্তর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একই সঙ্গে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন। তাঁদের অবস্থান হলো, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যুদ্ধ শেষ হওয়ার পর।

যুক্তরাষ্ট্রের ধারণা, শান্তি আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের যুক্ত করা গেলে যুদ্ধ শেষ হওয়ার আগেই বৃহত্তর নিরাপত্তা চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছানোর পথ তৈরি হবে। কারণ, ভবিষ্যতে ইউরোপের নিরাপত্তার নিশ্চয়তা কীভাবে কার্যকর হবে, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত জেলেনস্কি কোনো চুক্তিতে সম্মত হতে চাইবেন না। একই বিষয় পুতিনের জন্যও গুরুত্বপূর্ণ।

তবে ওয়াশিংটন ইউরোপীয় দেশগুলোকে আশ্বস্ত করেছে, ইউরোপ ও ইউক্রেনের সম্মতি ছাড়া রাশিয়ার সঙ্গে কোনো নিরাপত্তা চুক্তি করবে না যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইউরোপের নিরাপত্তা-সংক্রান্ত সিদ্ধান্তে মস্কোকে কোনো ধরনের ভেটো ক্ষমতা দেওয়া হবে না।

চলতি সপ্তাহের শেষ দিকে ডাবলিনে ইউরোপীয় নেতাদের শীর্ষ সম্মেলনেও বিষয়টি গুরুত্ব পাবে। তবে রাশিয়া ও ইউরোপের মধ্যে নতুন নিরাপত্তা বন্দোবস্ত প্রতিষ্ঠার ধারণা এখনো ইউরোপের বিভিন্ন মহলে বিরোধিতার মুখে রয়েছে। প্রস্তাবটির কাঠামো, বাস্তবায়ন পদ্ধতি এবং ইউরোপীয় দেশগুলোর নিরাপত্তার নিশ্চয়তা কীভাবে নিশ্চিত করা হবে—এসব প্রশ্নেরও এখনো স্পষ্ট উত্তর মেলেনি।

সব মিলিয়ে, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর পাশাপাশি ন্যাটোর ভূমিকা, পূর্ব ইউরোপে সামরিক উপস্থিতি এবং রাশিয়ার নিরাপত্তা-সংক্রান্ত দাবিগুলো নিয়ে নতুন সমীকরণ তৈরির চেষ্টা করছে ওয়াশিংটন। তবে এই উদ্যোগ শেষ পর্যন্ত কতটা গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছাবে, তা নির্ভর করছে মস্কো, কিয়েভ ও ইউরোপীয় দেশগুলোর অবস্থানের ওপর।

সর্বশেষ