হত্যার হুমকিতেও পিছু হটবেন না, ইরানকে হুঁশিয়ারি মার্কিন অর্থমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

ইরানের পক্ষ থেকে হত্যার হুমকি পাওয়ার পরও নিজেদের অবস্থান থেকে সরে আসবেন না বলে স্পষ্ট জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে দাবি করে তিনি বলেছেন, ইরানের নেতৃত্বের হুমকিতে ভীত হওয়ার কোনো কারণ নেই। বরং নিষেধাজ্ঞার চাপ অব্যাহত রাখা হবে।

- Advertisement -

শুক্রবার (১৩ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের নেতৃত্বের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান বেসেন্ট। তিনি বলেন, তাঁকে হত্যার হুমকি দেওয়া হলেও তিনি কিংবা মার্কিন মন্ত্রিসভার অন্য সদস্যরা এতে ভীত হবেন না।

বেসেন্টের ভাষায়, ইরানের নেতৃত্বের এমন হুমকিই প্রমাণ করে যে যুক্তরাষ্ট্রের চলমান অর্থনৈতিক চাপ কার্যকর হচ্ছে। এ সময় তিনি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) বিপজ্জনক ও কোণঠাসা প্রাণীর সঙ্গে তুলনা করেন।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামের নিষেধাজ্ঞা অভিযান শুরুর পর থেকে বেসেন্টের বিরুদ্ধে হুমকি বেড়েছে। গত আগস্টের শেষ দিকে শুরু হওয়া এই অভিযানকে সে সময় ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে অভিহিত করা হয়েছিল। নিরাপত্তাঝুঁকি বিবেচনায় সম্প্রতি ওয়াশিংটন ডিসি এলাকার নিজ বাসা ছেড়ে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপেরও সমর্থন জানান মার্কিন অর্থমন্ত্রী। তাঁর মতে, এই পদক্ষেপ শতভাগ সফল হয়েছে। বেসেন্ট বলেন, ইরানের বিরুদ্ধে এমন পদক্ষেপ গত ৪৭ বছর ধরেই প্রয়োজন ছিল।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্র কাটিয়ে উঠবে। প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, ইরানের সঙ্গে নতুন করে কোনো চুক্তিতে যাওয়ার প্রয়োজন নেই। বরং তেহরানের ওপর চাপ অব্যাহত রাখা হবে।

এদিকে চলতি সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকরভাবে কাজ করায় ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই। তাঁর এই বক্তব্যের সঙ্গে বেসেন্টের কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রের ইরাননীতি নিয়ে প্রশাসনের দুই শীর্ষ কর্মকর্তার বক্তব্যের ভিন্ন দিক তুলে ধরেছে।

সূত্র: সিবিএস নিউজ

সর্বশেষ