হরমুজ প্রণালিতে মার্কিন প্রিডেটর ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

হরমুজ প্রণালিকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এবার ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের নৌবাহিনী। একই সময়ে প্রণালির পূর্ব দিকে এলপিজিবাহী একটি জাহাজে বিস্ফোরণের ঘটনাও সামনে এসেছে। পরপর এসব ঘটনায় গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

- Advertisement -

শুক্রবার (১৩ নভেম্বর) ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ইরনা জানায়, হরমুজ প্রণালির কাছাকাছি সিরিক উপকূলের কোহস্তাক এলাকায় মার্কিন ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।

ইরানের নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দেশের ভূখণ্ড, সমুদ্রসীমা ও জাতীয় স্বার্থ সুরক্ষায় তাদের বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। এসব বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না। ড্রোনটি ভূপাতিত করার পর এর কিছু ছবিও প্রকাশ করেছে ইরনা। প্রকাশিত ছবিতে সামরিক সরঞ্জামের ক্ষতিগ্রস্ত অংশ দেখা গেছে।

এদিকে, এর আগে হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসবাহী (এলপিজি) জাহাজে বিস্ফোরণের খবর জানায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।

আইআরজিসির দাবি, জাহাজটি চলাচলের জন্য নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণ একটি নৌপথ ব্যবহার করছিল। এ পথ দিয়ে চলাচল না করতে জাহাজটিকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু সতর্কতা অমান্য করে সামনে এগিয়ে যাওয়ার সময় সেটি একটি নৌমাইনে আঘাত করলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

আইআরজিসির নৌবাহিনীর জনসংযোগ দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়, একই এলাকায় এর আগে বিস্ফোরণের শিকার হওয়া তেলবাহী জাহাজগুলোর ঘটনা থেকেও সংশ্লিষ্ট জাহাজটি শিক্ষা নেয়নি। বরং মার্কিন যুদ্ধবিমানের নিরাপত্তার ওপর নির্ভর করে ঝুঁকিপূর্ণ পথে চলাচলের চেষ্টা করেছিল।

বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালিতে তাদের কঠোর নিয়ন্ত্রণ অব্যাহত রয়েছে। ইরানের নির্ধারিত নিয়ম ও নির্দেশনা অনুসরণ না করলে কোনো জাহাজকে ছাড় দেওয়া হবে না।

পাশাপাশি অনুমতি ছাড়া নির্ধারিত নৌপথের বাইরে চলাচল না করতে অন্যান্য জাহাজকেও সতর্ক করেছে ইরানের বাহিনী। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ পথে প্রবেশ করলে সেসব জাহাজকেও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

তবে মার্কিন ড্রোন ভূপাতিত হওয়ার দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়ার তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সূত্র: আল জাজিরা।

সর্বশেষ