খেলাধুলা ডেস্ক : নেশনস লিগে গ্রিসের বিপক্ষে গোল উৎসব করেছে নেদারল্যান্ডস। আমস্টারডামে অনুষ্ঠিত ম্যাচে প্রতিপক্ষের জালে সাতবার বল পাঠিয়েছে ডাচরা। দলের বড় জয়ে সবচেয়ে বড় অবদান তিয়ানি রেইন্ডার্সের। মাত্র ৩৩ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেন এই মিডফিল্ডার। অন্যদিকে একই রাতে বেলগ্রেডে সার্বিয়াকে ৩-১ গোলে হারিয়েছে জার্মানি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেদারল্যান্ডস। চতুর্থ মিনিটেই ক্রিসেনসিও সামারভিলের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। গ্রিসের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে জালে বল পাঠান আল হিলালের এই উইঙ্গার।
এরপর গোল উৎসবের কেন্দ্রবিন্দুতে চলে আসেন রেইন্ডার্স। ১২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানচেস্টার সিটির সাবেক এই মিডফিল্ডার। ছয় মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-০ করেন তিনি। ৩৩ মিনিটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক।
প্রথমার্ধের শেষ দিকে ডোনিয়েল মালেনের ক্রস থেকে গোল করেন ইউরিয়েন টিম্বার। ফলে বিরতিতে যাওয়ার আগেই ৫-০ ব্যবধানে এগিয়ে যায় নেদারল্যান্ডস।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমেনি ডাচদের। ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৬-০ করেন আর্সেনালের ডিফেন্ডার টিম্বার। পরে মালেনের দুর্দান্ত ফিনিশিংয়ে সপ্তম গোলটি পায় স্বাগতিকেরা। শেষ পর্যন্ত ৭-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ডাচরা।
এই জয়ের মধ্য দিয়ে গত মাসের অমীমাংসিত লড়াইয়েরও জবাব দিল নেদারল্যান্ডস। আগের ম্যাচে গ্রিসের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও রেইন্ডার্সের গোলে ২-২ সমতায় ফিরেছিল ডাচরা। এবার সেই গ্রিসকেই বড় ব্যবধানে হারাল তারা।
অন্যদিকে বেলগ্রেডে সার্বিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে জার্মানি। ম্যাচের শেষ দিকে দুই খেলোয়াড় কম নিয়ে খেলতে হয়েছে স্বাগতিক সার্বিয়াকে।
এই জয়ে নেশনস লিগের গ্রুপ এ২-এর পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও মজবুত করেছে নেদারল্যান্ডস। পাঁচ ম্যাচে তাদের সংগ্রহ ১১ পয়েন্ট। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে রয়েছে গ্রিস ও জার্মানি। পাঁচ ম্যাচ খেলে কোনো পয়েন্ট না পাওয়া সার্বিয়া ইতিমধ্যে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে।
গ্রুপ পর্বের শেষ রাউন্ডে সোমবার বার্লিনে জার্মানির মুখোমুখি হবে নেদারল্যান্ডস। একই দিনে গ্রিস খেলবে সার্বিয়ার বিপক্ষে। এই ম্যাচের ফলের ওপর নির্ভর করবে গ্রুপের চূড়ান্ত অবস্থান ও পরবর্তী পর্বের সমীকরণ।

