পঞ্চগড়ের বোদা উপজেলায় যাত্রীবাহী থ্রি-হুইলারকে পেছন থেকে ট্রাকের ধাক্কায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন একজন গণমাধ্যমকর্মীর স্ত্রী ও আট বছর বয়সী মেয়ে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন চালক।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ধারা নিউজের সিনিয়র রিপোর্টার আলী আজগর খোকনের স্ত্রী এবং পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক মাহমুদা আক্তার (৩৫), তাদের মেয়ে আল-আকসা সুমাইয়া সম্প্রীতি (৮) এবং দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকার প্রমিলা রানী (৩০)। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর মাহমুদা ও তার মেয়েকে রংপুরে এবং প্রমিলাকে ঠাকুরগাঁওয়ে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
আহত পাঁচজন হলেন বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের সবুজপাড়া এলাকার আয়শা (২), বীরপাড়া এলাকার রহিদুল ইসলাম (৪৮), নগর সাকোয়া এলাকার নাসরিন আক্তার (৪৬), তার মেয়ে স্বীকৃতি (৭) এবং চন্দনবাড়ি ইউনিয়নের প্রামাণিকপাড়া এলাকার আক্তারুজ্জামান (৩৩)। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবোঝাই থ্রি-হুইলারটি সাকোয়া বাজার থেকে বোদা উপজেলা শহরের দিকে যাচ্ছিল। পথে কৈকিল্লা দিঘী এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে থ্রি-হুইলারটি সড়কের পাশের ধানক্ষেতে ছিটকে পড়ে। দুর্ঘটনায় চালকসহ গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে মাহমুদা ও তার মেয়েকে রংপুরে এবং প্রমিলাকে ঠাকুরগাঁওয়ে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়িটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

