শেখ হাসিনার প্রত্যাবর্তনে দিল্লির দুই শর্ত, ডিসেম্বরে ফেরা নিয়ে অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক :
spot_img

ডিসেম্বরে বাংলাদেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সেই প্রত্যাবর্তন ঘিরে নতুন কূটনৈতিক সমীকরণের আভাস পাওয়া যাচ্ছে। তাকে দেশে ফেরানোর বিষয়ে বাংলাদেশের সঙ্গে কয়েক মাস ধরে পর্দার আড়ালে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত। তবে প্রত্যাবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করতে ঢাকা সরকারের কাছে দুটি গুরুত্বপূর্ণ শর্ত তুলে ধরেছে দিল্লি।

- Advertisement -

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশের সামরিক বাহিনী ভারতে নিয়ে গিয়েছিল, একই ধরনের ব্যবস্থায় তাকে দেশে ফেরত পাঠাতে চায় ভারত। পাশাপাশি বাংলাদেশে ফেরার পর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে নতুন করে বিচারপ্রক্রিয়া শুরুর নিশ্চয়তাও চায় দেশটি।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের সম্মতি ও প্রচ্ছন্ন সমর্থন ছাড়া শেখ হাসিনা ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, বিষয়টি এমন নয়। বরং তার প্রত্যাবর্তন নিয়ে শেখ হাসিনা ও দিল্লির মধ্যে সমঝোতার ভিত্তিতেই এই ঘোষণা এসেছে বলে দাবি করা হয়েছে।

শেখ হাসিনাকে দীর্ঘদিন ভারতে আশ্রয় দিয়ে রাখার বিষয়টি এখন দিল্লির জন্য কূটনৈতিক অস্বস্তির কারণ হয়ে উঠেছে। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও এ নিয়ে সমালোচনার মুখে পড়ছে ভারত। এ অবস্থায় তাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা সফল না হওয়ায় বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টিকে বাস্তবসম্মত বিকল্প হিসেবে বিবেচনা করছে দিল্লি।

বিবিসির প্রতিবেদনে ভারতীয় নীতিনির্ধারকদের বরাতে আরও বলা হয়েছে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ অবস্থান পুনর্গঠনের ক্ষেত্রেও শেখ হাসিনার দেশে ফেরা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছে ভারত।

প্রত্যর্পণ নিয়ে নীরব দিল্লি

২০২৪ সালের ডিসেম্বর মাসে কূটনৈতিক চ্যানেলে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানায় বাংলাদেশ। পরবর্তী সময়ে একাধিকবার তাগাদা দেওয়া হলেও এখন পর্যন্ত দিল্লি এ বিষয়ে স্পষ্ট কোনো অবস্থান জানায়নি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভারত শেখ হাসিনাকে দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত রাজনৈতিক মিত্র হিসেবে বিবেচনা করে। এ কারণে তাকে সরাসরি বন্দি হিসেবে বাংলাদেশের হাতে তুলে দিতে অনাগ্রহী দেশটি।

ভারতের পর্যবেক্ষকদের আশঙ্কা, শেখ হাসিনাকে এভাবে হস্তান্তর করা হলে নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মতো প্রতিবেশী দেশগুলোর ভারতপন্থি রাজনৈতিক নেতাদের মধ্যে আস্থার সংকট তৈরি হতে পারে। ভবিষ্যতে সংকটে পড়লে ভারত তাদের পাশে থাকবে কি না, তা নিয়েও প্রশ্ন দেখা দিতে পারে।

ফেরানোর ক্ষেত্রে দিল্লির দুই শর্ত

বিবিসির তথ্য অনুযায়ী, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের প্রথম শর্ত হলো, তার দেশে ফেরার প্রক্রিয়ায় বাংলাদেশের সামরিক বাহিনীকে যুক্ত থাকতে হবে। বাংলাদেশ সামরিক উড়োজাহাজ পাঠিয়ে দিল্লি থেকে তাকে নিয়ে যেতে পারে। বিকল্প হিসেবে সীমান্তের নির্দিষ্ট কোনো স্থানে গিয়ে বাংলাদেশের সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে।

এ ধরনের প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দিতে ভারত প্রস্তুত বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয় শর্তটি বিচারপ্রক্রিয়াসংক্রান্ত। ভারত চায়, বাংলাদেশে ফেরার পর শেখ হাসিনা যেন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান। একই সঙ্গে ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে তার বিচার নতুন করে শুরু করার নিশ্চয়তাও দিতে হবে।

তবে এ বিষয়ে বাংলাদেশের বিচারব্যবস্থায় সরাসরি হস্তক্ষেপের অভিযোগ উঠুক, তা চায় না দিল্লি। ফলে প্রকাশ্যে বিষয়টি নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকছে ভারতীয় কর্তৃপক্ষ।

বিবিসি বাংলাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া যেন নতুন করে সুষ্ঠু ও আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় পরিচালিত হয়, সেটি নিশ্চিত করতে চায় ভারত।

প্রত্যাবর্তনে সেনাবাহিনীকে গুরুত্ব দিচ্ছে ভারত

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য প্রক্রিয়ায় দুই দেশের সেনাবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছে দিল্লি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি যান। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও বৈঠক করেন তিনি।

ভারতের একটি সামরিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত বাংলাদেশের হাইকমিশনার বা রাষ্ট্রদূতের সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের বৈঠকের বিশেষ প্রয়োজন হয় না। ফলে এই বৈঠকের পেছনে বিশেষ কোনো পরিস্থিতি বা উদ্দেশ্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া দুই দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতি হলেও সামরিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ভারতের সামরিক নেতৃত্বের দীর্ঘদিনের যোগাযোগকে কাজে লাগাতে চায় দিল্লি।

শেখ হাসিনা দেশে ফিরলে তার নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশের সেনাবাহিনী গ্রহণ করুক, এমন প্রত্যাশার কথাও প্রতিবেদনে উঠে এসেছে।

ডিসেম্বরে ফেরা নিয়ে সংশয়

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এলেও ডিসেম্বরেই তার প্রত্যাবর্তন সম্ভব হবে কি না, তা নিয়ে ভারতের কর্মকর্তাদের মধ্যেই সংশয় রয়েছে।

বিবিসির প্রতিবেদনে দিল্লির স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন নতুন রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে বলে ভারতীয় কর্মকর্তারা মনে করছেন।

জ্বালানি সংকট, তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষসহ নানা অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলা করছে বাংলাদেশ। এমন সময়ে শেখ হাসিনার দেশে ফেরা রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে দিল্লির কর্মকর্তাদের ধারণা।

এ ছাড়া ভারতের উত্থাপিত শর্তগুলো নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা, বিচারপ্রক্রিয়ার বিষয়টি এবং নিরাপত্তা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো নিষ্পত্তি হয়নি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এসব বিষয়ে চূড়ান্ত সমাধানে পৌঁছানো কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্ট পর্যবেক্ষকেরা।

এ কারণে বড় কোনো কূটনৈতিক অগ্রগতি না হলে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কম বলেই ধারণা করা হচ্ছে।

শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের রাজনৈতিক হিসাব

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর উদ্যোগের পেছনে ভারতের নিজস্ব রাজনৈতিক ও কূটনৈতিক হিসাবও রয়েছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দিল্লির কর্মকর্তাদের ধারণা, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি করেছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দলটির পুনরায় অবস্থান তৈরির ক্ষেত্রেও এই ঘোষণা ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছে ভারত।

অন্যদিকে, শেখ হাসিনা শেষ পর্যন্ত বাংলাদেশে ফিরতে না পারলেও তার প্রত্যাবর্তনের ইচ্ছা প্রকাশের বিষয়টি আন্তর্জাতিক মহলে ভারতের অবস্থান ব্যাখ্যা করার ক্ষেত্রে কাজে লাগতে পারে। সে ক্ষেত্রে দিল্লি বলতে পারবে, শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে চেয়েছিলেন, কিন্তু বিভিন্ন জটিলতার কারণে তা সম্ভব হয়নি।

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক আলোচনা চললেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে এখনো বেশ কিছু বাধা রয়েছে। ফলে ডিসেম্বর মাসে তার দেশে ফেরার ঘোষণা বাস্তবে কতটা কার্যকর হয়, সেটিই এখন দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

সূত্র: বিবিসি বাংলা

সর্বশেষ