শ্রমিক অসন্তোষ, অস্থিতিশীল পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া, সাভার এবং গাজীপুরের কিছু এলাকার পোশাক কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা। আগামীকাল রোববার (১৫ নভেম্বর) থেকে এসব কারখানা বন্ধ রাখা হতে পারে। এ ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুসরণ করা হবে।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বাবু এ তথ্য জানান।
এর আগে শ্রম পরিস্থিতি ও কারখানার নিরাপত্তা নিয়ে বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যদের অংশগ্রহণে একটি জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রায় ২০০টি কারখানার মালিক অংশ নেন। সেখানে অধিকাংশ উদ্যোক্তা বর্তমান পরিস্থিতিতে কারখানার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন বলে মত দেন।
সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি বলেন, শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তা সংকটের কারণে সংশ্লিষ্ট শিল্পাঞ্চলে স্বাভাবিক উৎপাদন পরিবেশ ব্যাহত হচ্ছে। এ অবস্থায় কারখানা চালু রাখা সম্ভব হচ্ছে না। তাই আশুলিয়া, সাভার ও গাজীপুরের আংশিক এলাকার যেসব কারখানা উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারছে না, সেগুলো আগামী ১৫ নভেম্বর থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ রাখতে বাধ্য হতে পারে।
তিনি স্পষ্ট করেন, বিজিএমইএ বা বিকেএমইএ সরাসরি কোনো কারখানা বন্ধের নির্দেশ দিচ্ছে না। বরং বিশৃঙ্খল পরিস্থিতিতে উৎপাদন চালিয়ে যেতে না পারায় সংশ্লিষ্ট কারখানার মালিকেরা নিজেরাই বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছেন।
মাহমুদ হাসান খান বাবু আরও জানান, বিজিএমইএ ও সরকারের অনুরোধে গত ১২ থেকে ১৪ দিন ধরে নানা প্রতিকূলতার মধ্যেও কারখানা সচল রাখার চেষ্টা করেছেন উদ্যোক্তারা। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত উৎপাদন অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে।
কারখানার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, শনিবার পর্যন্ত শ্রম আইনের ১৩(১) ধারায় ৫৫টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া আরও ৯২টি কারখানা উৎপাদন চালু রাখার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এসব কারখানার মালিক চাইলে আগামীকাল থেকে একই ধারায় কারখানা বন্ধ ঘোষণা করতে পারবেন। সব মিলিয়ে ১৪৭টি কারখানায় শনিবার উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে।
তিনি জানান, বিজিএমইএর সদস্যভুক্ত একটি কারখানায় গড়ে প্রায় দুই হাজার শ্রমিক কাজ করেন। সেই হিসাবে উৎপাদন বন্ধ বা ব্যাহত হওয়া এসব কারখানার সঙ্গে প্রায় তিন লাখ শ্রমিক যুক্ত রয়েছেন।
পোশাকশিল্পের গুরুত্ব তুলে ধরে বিজিএমইএ সভাপতি বলেন, আশুলিয়া, সাভার ও গাজীপুরের কারখানাগুলো দেশের অর্থনীতি ও রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব শিল্পপ্রতিষ্ঠান রক্ষা করার পাশাপাশি লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, সরকারকে দ্রুত সংশ্লিষ্ট শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে চলমান সংকট নিরসনে মালিক, শ্রমিক, সরকার, সুশীল সমাজ ও গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
উদ্যোক্তাদের আশা, দ্রুত নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে পোশাক কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন পরিবেশ ফিরে আসবে এবং শিল্প খাতের চলমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

