দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৬ ডিসেম্বর থেকে আংশিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। প্রাথমিকভাবে দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনার মাধ্যমে নতুন এই টার্মিনালের কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে এর পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।
টার্মিনালটি নির্ধারিত সময়ে চালু করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শনিবার (১৪ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলনকক্ষে তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সভায় তিনি এসব নির্দেশনা দেন।
সভায় মন্ত্রী বলেন, সব ধরনের প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন করা সম্ভব হলে আগামী ১৬ ডিসেম্বর টার্মিনালটির সীমিত পরিসরে কার্যক্রম শুরু হবে। এরপর ধাপে ধাপে এর পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ের মধ্যে এটি চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট প্রত্যেক সংস্থাকে নিজ নিজ দায়িত্ব যথাসময়ে সম্পন্ন করার তাগিদ দেন তিনি।
সভায় টার্মিনালটির কার্যক্রম শুরুর আগে বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে ইমিগ্রেশন বুথ চালু, ব্যাগেজ বেল্ট ও প্রয়োজনীয় স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলকভাবে ফ্লাইট পরিচালনা এবং সংশ্লিষ্ট বিভিন্ন চুক্তি স্বাক্ষরের বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি প্রস্তুতির অগ্রগতি ও বাকি কাজগুলো দ্রুত শেষ করার বিষয়ে সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা মতামত দেন।
এ সময় অংশীজনদের সঙ্গে আলোচনা করে টার্মিনালটি চালুর ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ ও দায়িত্ব বণ্টনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রস্তুতিমূলক সভায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক) গিয়াস উদ্দিন, মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আহসান হাবিব উপস্থিত ছিলেন।
এ ছাড়া বেবিচক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং তৃতীয় টার্মিনাল নির্মাণে যুক্ত জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

