একসময় রাজধানীর কারওয়ান বাজার, তেজগাঁও, রাজাবাজার ও শেরেবাংলা নগর এলাকার অপরাধজগতের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত ছিলেন শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম। হত্যা, চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অভিযোগে নব্বইয়ের দশকে আলোচনায় আসেন তিনি। দীর্ঘ ২৭ বছর কারাগারে থাকার পর ২০২৪ সালে জামিনে মুক্তি পান। তবে বিদেশ যাওয়ার প্রস্তুতিকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারও গ্রেপ্তার হয়েছেন তিনি। তাঁর গ্রেপ্তারের মধ্য দিয়ে ঢাকার অপরাধজগতে একসময় আধিপত্য বিস্তার করা এই ব্যক্তির অতীত নতুন করে আলোচনায় এসেছে।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান সুইডেন আসলাম। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে যাত্রার জন্য ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সময় তাঁকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
অপরাধজগতে উত্থান যেভাবে
সুইডেন আসলামের পুরো নাম শেখ মোহাম্মদ আসলাম। তাঁর বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকায়। বাবা শেখ জিন্নাত আলী। পরিবার নিয়ে ঢাকার ইন্দিরা রোডে বসবাস করতেন তিনি। তেজগাঁও পলিটেকনিক স্কুল, বর্তমানে তেজগাঁও সরকারি বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন আসলাম।
বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, আশির দশকের শেষ দিকে অপরাধজগতে তাঁর উত্থান শুরু হয়। ১৯৮৬-৮৭ সালের দিকে রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় প্রভাব বিস্তার করতে শুরু করেন তিনি। ১৯৮৭ সালে পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলের ভেতরে মায়ের সামনে কিশোর শাকিলকে হত্যার অভিযোগে প্রথম আলোচনায় আসেন।
নব্বইয়ের দশকের শুরুতে কারওয়ান বাজার ও আশপাশের এলাকার অপরাধজগতের নিয়ন্ত্রণ ছিল জাতীয় তরুণ পার্টির রানা গ্রুপের হাতে। এই গ্রুপের অন্যতম সদস্য ছিলেন পিচ্চি হান্নান। এলাকার আধিপত্য নিয়ে রানা গ্রুপের সঙ্গে আসলামের বিরোধ তৈরি হয়। ১৯৯০ সালের পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা বাড়তে থাকে। এসব সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটে।
১৯৯৬ সালে রানা গ্রুপের অন্যতম সদস্য পিচ্চি হান্নান আসলামের দলে যোগ দেন। একই বছর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সুপারস্টার হোটেলের সামনে রানা হত্যাকাণ্ডে আসলাম ও হান্নানের নাম উঠে আসে। অভিযোগ রয়েছে, হান্নানকে দিয়ে ওই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন আসলাম।
রানা নিহত হওয়ার পর কারওয়ান বাজার, তেজতুরি বাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর এলাকায় আসলামের প্রভাব বিস্তৃত হয়। এসব এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনায় পিচ্চি হান্নানসহ কয়েকজন সহযোগী দায়িত্ব পালন করতেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
কারাগারে থেকেও অপরাধ নিয়ন্ত্রণের অভিযোগ
১৯৯৭ সালের ২৩ মার্চ যুবলীগ নেতা গালিব হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসেন সুইডেন আসলাম। একই বছরের ২৬ মে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে। গ্রেপ্তারের সময় তাঁর বয়স ছিল ৩৫ বছর। সে সময় তাঁর কাছ থেকে বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধারের তথ্যও প্রকাশিত হয়েছিল।
কারাগারে যাওয়ার পরও অপরাধজগতের সঙ্গে তাঁর যোগাযোগ বজায় ছিল বলে অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডে সহযোগী হিসেবে পিচ্চি হান্নানের নাম উঠে আসে। কারাগারে বসেই ব্যবসায়ী, আড়তদার, পোশাক কারখানার মালিক এবং জমি কেনাবেচার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছ থেকে চাঁদা আদায় নিয়ন্ত্রণ করতেন আসলাম—এমন অভিযোগ বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে।
মাদক চোরাচালান, অর্থের বিনিময়ে হত্যাকাণ্ড এবং জমি দখলের মতো অপরাধেও তাঁর সম্পৃক্ততার অভিযোগ ছিল। কারাগারের ভেতরে একাধিকবার সংঘর্ষের ঘটনায়ও আলোচনায় আসেন তিনি। তাঁর সেল থেকে দুটি মুঠোফোন উদ্ধারের তথ্য বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে। ওই ফোন ব্যবহার করে সহযোগীদের সঙ্গে যোগাযোগ এবং মামলার বাদী ও সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগও ছিল। এসব কারণে বিভিন্ন সময়ে তাঁকে এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়।
যেভাবে নামের সঙ্গে যুক্ত হয় ‘সুইডেন’
আসলামের নামের আগে সুইডেন শব্দটি যুক্ত হওয়ার পেছনে রয়েছে তাঁর ব্যক্তিগত জীবনের ঘটনা। জানা যায়, তাঁর প্রথম স্ত্রী ইতি সুইডেনপ্রবাসী ছিলেন। বিয়ের পর আসলামও কয়েক বছর সুইডেনে বসবাস করেন। সেই সূত্রেই পরিচিতি পান ‘সুইডেন আসলাম’ নামে। পরে তাঁদের বিচ্ছেদ হয়।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে মোট ১২টি মামলা ছিল। এর মধ্যে নয়টি হত্যা মামলা। অস্ত্র মামলায় ১৭ বছরসহ কয়েকটি মামলায় তাঁর সাজাও হয়েছিল।
২৭ বছর পর জামিনে মুক্তি
দীর্ঘদিন কারাগারে থাকার পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান সুইডেন আসলাম। প্রায় ২৭ বছর কারাগারে থাকার পর তাঁর মুক্তির খবর তখন আলোচনার জন্ম দেয়।
মুক্তির প্রায় দুই বছর পর এবার বিদেশ যাওয়ার সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলেন তিনি। তাঁর বিরুদ্ধে থাকা একাধিক মামলার কারণে এই গ্রেপ্তার বলে জানিয়েছে ডিবি পুলিশ। একসময় রাজধানীর বিভিন্ন এলাকার অপরাধজগতের নিয়ন্ত্রণ নিয়ে আলোচিত এই ব্যক্তির নতুন করে গ্রেপ্তার হওয়া ঢাকার পুরোনো অপরাধজগতের ইতিহাসও সামনে নিয়ে এসেছে।

