শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা ভারতের সঙ্গে, হাসিনার সঙ্গে নয়: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে তাঁর সঙ্গে নয়, ভারতের সরকারের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। শেখ হাসিনা কীভাবে বাংলাদেশে ফিরবেন, বিমানে নাকি অন্য কোনো উপায়ে তাঁকে দেশে আনা হবে, সেটিও ভারতের সঙ্গে আলোচনার বিষয় বলে মন্তব্য করেছেন তিনি।

- Advertisement -

মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চান কি না, তা নিয়ে তাঁর সঙ্গে সরকারের কোনো আলোচনা নেই। তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের বিমানে আসবেন, ভারতের বিমানে আসবেন, নাকি হেঁটে আসবেন—কীভাবে তাঁকে হস্তান্তর করা হবে, সেটি দুই দেশের আলোচনার বিষয়।

শেখ হাসিনার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শেষ হয়েছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, তিনি কেবল অভিযুক্ত নন, আদালতে দোষী সাব্যস্ত হয়ে দণ্ডিত হয়েছেন। তাঁর ভাষ্য, শেখ হাসিনা ও তাঁর সহযোগীরা ভারতে অবস্থান করছেন। ফলে তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি ভারতের সঙ্গে নিষ্পত্তি করতে হবে।

দেশে ফেরা নিয়ে শেখ হাসিনার বিভিন্ন বক্তব্যের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, এসব বক্তব্যের মাধ্যমে তিনি নিজের রাজনৈতিক অবস্থান ও প্রভাব তুলে ধরার চেষ্টা করছেন। আওয়ামী লীগের নেতা-কর্মীদের কাছে নিজের সিদ্ধান্তের গুরুত্ব বোঝাতেই তিনি এমন বক্তব্য দিচ্ছেন বলে মনে করেন তথ্য উপদেষ্টা। তিনি শেখ হাসিনার এই অবস্থানকে রাজনৈতিক মহলে প্রভাব বিস্তারের কৌশল হিসেবে অভিহিত করেন।

এদিকে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের বাংলাদেশবিরোধী ও আপত্তিকর বক্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে তথ্য উপদেষ্টা বলেন, এ বিষয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে কি না, তা তাঁর জানা নেই। তবে ভারতের গণমাধ্যমের বক্তব্যের সঙ্গে দেশটির সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যকে এক করে দেখার সুযোগ নেই।

তিনি বলেন, ভারত সরকারের দায়িত্বে থাকা ব্যক্তিদের এমন বক্তব্য বাংলাদেশের নজরে এসেছে। এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার জন্য তাদের প্রতি প্রত্যাশা থাকবে।

বাংলাদেশ ও ভারতের ভৌগোলিক অবস্থানের প্রসঙ্গ টেনে জাহেদ উর রহমান বলেন, দুই দেশই পরস্পরের প্রতিবেশী। কেউ কাউকে প্রতিবেশী হিসেবে বদলে দিতে পারবে না। তাই পারস্পরিক ইতিবাচক যোগাযোগ ও সম্পৃক্ততা বজায় রাখার বিকল্প নেই।

তাঁর মতে, দুই দেশের দায়িত্বশীল ব্যক্তিদের এ ধরনের মন্তব্য পারস্পরিক সম্পর্কের ওপর চাপ তৈরি করতে পারে। প্রতিবেশী দুই দেশের সম্পর্ক স্বাভাবিক ও ইতিবাচক রাখতে দায়িত্বশীল আচরণ জরুরি।

সর্বশেষ