মো.রাকিব,চট্টগ্রাম: চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতিও।
সোমবার (২৩ নভেম্বর) রাত ১১টার দিকে নগরের অক্সিজেন এলাকার নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ শেখ আতাউর রহমানকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শেখ আতাউর রহমানের বিরুদ্ধে মীরসরাই থানায় নাশকতা ও আইনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগে তিনটি মামলা রয়েছে।
তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

