১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের উড়োজাহাজ : রয়টার্সের প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিজয়ের দিনটিকে দেশে ফেরার জন্য বেছে নিয়েছেন তিনি। এ জন্য দিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ব্যবস্থাও চেয়েছেন।

- Advertisement -

মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এ তথ্য জানিয়েছেন। তাঁর দাবি, এবারই প্রথম শেখ হাসিনার পক্ষ থেকে দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ জানানো হলো।

মুখপাত্রের দেওয়া বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও তিনি সরকারের কাছে আকাশপথে যাতায়াতের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, সংবিধানবহির্ভূতভাবে তাঁকে নির্বাসনে পাঠানো হয়েছিল। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর দেশে ফেরার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।

শেখ হাসিনার দেশে ফেরার এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। কারণ, তাঁর বিরুদ্ধে দেশে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। পাশাপাশি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমও নিষিদ্ধ।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন। দেশ ছাড়ার কয়েক মাস পর তাঁর আগের পাসপোর্ট বাতিল করা হয়। সম্প্রতি দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় নথিপত্রের জন্য আবেদন করেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে বাংলাদেশের সরকারের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, গত রোববার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাঁকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় কাজ করছে ঢাকা। তবে তাঁকে আনতে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ও তৎকালীন সহিংসতায় জাতিসংঘের হিসাব অনুযায়ী, সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন। আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার দায়ে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে ভারতে অবস্থান করে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

১৬ ডিসেম্বর দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার পক্ষ থেকে ঘোষণা এলেও তাঁর প্রত্যাবর্তন কীভাবে হবে এবং এ বিষয়ে সরকারের অবস্থান কী হবে, তা এখনো স্পষ্ট নয়।

সর্বশেষ