শেখ হাসিনা-দিল্লির মদদে দেশে সন্ত্রাসী তৎপরতা, অভিযোগ প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের দিল্লির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করবে সরকার। এসব কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

- Advertisement -

মঙ্গলবার (২৪ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে কারা রয়েছে, সে সম্পর্কে অবগত। সরকারও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। সন্ত্রাসবাদ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, অর্থের বিনিময়ে নানা ধরনের সংবাদ প্রকাশ করানো সম্ভব। তবে প্রকাশিত খবরের সঙ্গে বাস্তবতার মিল থাকা প্রয়োজন। শেখ হাসিনা সাধারণ বাণিজ্যিক যাত্রী হিসেবে দেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেন তিনি। তাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনার কথাও বলেন প্রতিমন্ত্রী।

সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হওয়ায় সরকারের শক্ত জনসমর্থন রয়েছে। বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের মধ্যে ভীতি তৈরির চেষ্টা হলেও মানুষ তাতে আতঙ্কিত হচ্ছে না।

হুমায়ুন কবির আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্থিতিশীল পরিবেশ দেখতে চায় না। যারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আরও কঠোর হবে কি না, এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

সর্বশেষ