যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলাসহ কয়েক দশকের কর্মকাণ্ডে ক্ষয়ক্ষতির অভিযোগ তুলে ওয়াশিংটনের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। এ অর্থ আদায়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দেশটির বিভিন্ন আদালত থেকে রায় পাওয়ার দাবিও করেছে তেহরান। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে হামলায় সহযোগিতার অভিযোগে কয়েকটি উপসাগরীয় আরব দেশের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ইরানের বিচার বিভাগের এক কর্মকর্তা এ তথ্য জানান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা এএফপি এ খবর প্রকাশ করেছে।
ইরানের বিচার বিভাগের আইনজীবী কেন্দ্রের প্রধান হাসান আবদোলিয়ানপুর বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা দিয়ে দেশটির বিভিন্ন আদালত রায় দিয়েছেন।
তিনি জানান, ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগে পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশের বিরুদ্ধেও একাধিক মামলা করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিপূরণের দাবির আওতায় যুক্তরাষ্ট্রের কয়েক দশকের কর্মকাণ্ড ও সেসবের কারণে হওয়া ক্ষয়ক্ষতিও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে কোন কোন ঘটনা, হামলা বা ক্ষয়ক্ষতির হিসাব ধরে ২৯ হাজার কোটি ডলারের এই দাবি নির্ধারণ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি বাণিজ্যিক জাহাজ জব্দ করার খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি। প্রতিবেদনে বলা হয়েছে, এসব জাহাজ জব্দের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পাওনা ক্ষতিপূরণের একটি অংশ আদায়ের চেষ্টা করা হবে।
তবে জব্দ করা জাহাজগুলোর নাম, মালিকানা কিংবা সেগুলো কোথায় অবস্থান করছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি ইরানি সম্প্রচারমাধ্যমটি।
যুক্তরাষ্ট্রের কাছে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দাবি, উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ এবং বাণিজ্যিক জাহাজ জব্দের ঘোষণা—সব মিলিয়ে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের বিরোধ নতুন মাত্রা পেয়েছে। তবে ইরানের এসব দাবি ও পদক্ষেপের বিষয়ে যুক্তরাষ্ট্র কিংবা সংশ্লিষ্ট উপসাগরীয় দেশগুলোর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: সিবিএস নিউজ।

