ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের পরিদর্শক মো. সুজন হক সাঈদ খোকনকে আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
আদালত সূত্রে জানা গেছে, এদিন পুলিশি পাহারায় সাঈদ খোকনকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী গোলাম রাব্বানীসহ কয়েকজন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের বক্তব্য শোনার পর আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দ্বিতীয় দফার রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আগের সাত দিনের জিজ্ঞাসাবাদে সাঈদ খোকন মামলার মূল ঘটনা এড়িয়ে বিভিন্ন কৌশলী জবাব দিয়েছেন। এতে তদন্ত সংশ্লিষ্টদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন বলেও আবেদনে দাবি করা হয়। এ ছাড়া মামলার এজাহারভুক্ত পলাতক আসামিদের অবস্থান সম্পর্কে তিনি সন্তোষজনক তথ্য দিতে পারেননি। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই, হত্যাকাণ্ডের পেছনের ঘটনা উদ্ঘাটন এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের স্বার্থে তাঁকে পুনরায় জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
এর আগে গত ১৭ নভেম্বর একই মামলায় সাঈদ খোকনকে প্রথম দফায় সাত দিনের রিমান্ডে পাঠান আদালত। ওই দিন তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। আবেদনে বলা হয়েছিল, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আন্দোলন দমনে তাঁর ভূমিকা, ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হামলায় সংশ্লিষ্টতা এবং অর্থ ও অস্ত্র সরবরাহের বিষয়ে তথ্য পাওয়া গেছে বলে তদন্তকারীরা দাবি করেন।
এ ছাড়া সরকার পতনের পর আত্মগোপনে থেকে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের আয়োজন এবং পলাতক নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনার অভিযোগও রিমান্ড আবেদনে আনা হয়েছিল।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলিবিদ্ধ হয়ে মারা যায় কিশোর আবদুল মোতালেব। এ ঘটনায় তাঁর বাবা আব্দুল মতিন ২০২৪ সালের ২৬ আগস্ট ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।
মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এজাহারে সাঈদ খোকনকে ২৯ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

