মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৪ বোতল বিদেশি মদ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৪৮ হাজার টাকা। তবে অভিযানের সময় মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পূর্ব জোনের সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) অভিযান ও মদ জব্দের বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. শাহাদাত হোসেন নাঈম।
তিনি জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, মাদকের বিস্তার ও অবৈধ পাচার রোধে উপকূলীয় এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

