মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনালের (সিসিটি) পরিচালনার দায়িত্ব নিয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। সোমবার (২৩ নভেম্বর) দিনগত রাত ১২টা থেকে প্রতিষ্ঠানটি ছয় মাসের জন্য টার্মিনাল পরিচালনার দায়িত্ব বুঝে নেয়। এর মধ্য দিয়ে বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) পর সিসিটি থেকেও বিদায় হলো সাইফ পাওয়ারটেকের।
বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের প্রতিষ্ঠান এভারেস্ট পোর্ট সার্ভিসেস বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) একটি জেটি পরিচালনা করছে। এবার প্রতিষ্ঠানটি সিসিটি পরিচালনার দায়িত্বও পেল।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম। তিনি জানান, সরকারি ক্রয়বিধি (পিপিআর), প্রচলিত আইন ও বিধি অনুসরণ করেই সিসিটি পরিচালনার জন্য সীমিত দরপত্র আহ্বান করা হয়েছিল। মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয় নতুন অপারেটর হিসেবে এভারেস্ট পোর্ট সার্ভিসেসকে অনুমোদন দিয়েছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে দায়িত্ব বুঝে নিয়েছে।
বন্দর সচিব জানান, গত ২ নভেম্বর সিসিটি পরিচালনায় সাইফ পাওয়ারটেকের চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর প্রতিষ্ঠানটিকে আরও তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। সেই বর্ধিত সময় সোমবার শেষ হওয়ায় নতুন অপারেটরের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।
তবে নতুন অপারেটর নিয়োগের দরপত্র প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলেছেন বন্দর সংশ্লিষ্ট কয়েকজন অপারেটর। তাঁদের অভিযোগ, দরপত্র আহ্বান ও জমা দেওয়ার জন্য অস্বাভাবিক কম সময় দেওয়া হয়েছে। এ কারণে অনেক প্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পায়নি।
বার্থ অপারেটরস, শিপহ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী বলেন, সরকারি ক্রয়বিধি অনুযায়ী সীমিত দরপত্রে অংশ নেওয়ার জন্য যে সময় দেওয়ার কথা, তা অনুসরণ করা হয়নি। ১৮ নভেম্বর দরপত্রের বিষয়ে জানার পর পরদিন ১৯ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে দরপত্রে অংশ নেওয়া অনেক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব ছিল না।
তিনি জানান, এ ঘটনায় আইনের আশ্রয় নেওয়ার প্রস্তুতি চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
সময় স্বল্পতার কারণে দরপত্রে অংশ নিতে না পারার অভিযোগ করেছেন বিদায়ী অপারেটর সাইফ পাওয়ারটেকের কর্মকর্তারাও।
এদিকে, দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ অস্বীকার করে বন্দর কর্তৃপক্ষের সচিব বলেছেন, নিয়ম মেনেই নতুন অপারেটর নির্বাচন করা হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদনের পরই এভারেস্ট পোর্ট সার্ভিসেসকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।

