হালিশহরে ফোয়ারা নির্মাণের সময় দেবে গেল সড়ক, হেলে পড়ল স্থাপনার একাংশ

মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম:
spot_img

মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম:চট্টগ্রাম নগরের হালিশহরের নয়াবাজার বিশ্বরোড মোড়ে ফোয়ারা নির্মাণের কাজ চলার মধ্যে সড়কের বড় একটি অংশ দেবে গেছে। এতে সড়কের মাঝখানে নির্মাণাধীন ফোয়ারার একাংশ হেলে পড়েছে। ভেঙে পড়েছে ফোয়ারার বাউন্ডারি ও টাইলসও। গুরুত্বপূর্ণ এই সড়কে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

- Advertisement -

বুধবার (২৫ নভেম্বর) সকালে সরেজমিনে সড়কের একাংশ দেবে যাওয়া এবং ফোয়ারার স্থাপনার ক্ষতিগ্রস্ত অংশ দেখা যায়। স্থানীয়দের ভাষ্য, গত দুই থেকে তিন দিন ধরে সড়কটি ধীরে ধীরে বসে যাচ্ছিল। বুধবার সকালে সড়কের বড় একটি অংশ নিচে নেমে গেলে পরিস্থিতি স্পষ্ট হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নয়াবাজার বিশ্বরোড মোড়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে একটি ফোয়ারা নির্মাণের কাজ চলছিল। এর পাশেই কয়েক দিন আগে চট্টগ্রাম ওয়াসা সুয়ারেজ লাইনের কাজ করে। কাজ শেষে ওয়াসা কর্তৃপক্ষ অস্থায়ী বেষ্টনী সরিয়ে নেয়। এরপর সেখানে সিটি করপোরেশনের ফোয়ারা নির্মাণের কাজ পুনরায় শুরু হয়।

স্থানীয় এক বাসিন্দা বলেন, এটি নগরের একটি গুরুত্বপূর্ণ সড়ক। নির্মাণকাজের মান ও তদারকিতে ঘাটতি থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। এতে সরকারি অর্থের অপচয় হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্ব দিয়ে দেখা উচিত।

এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, বিটিসিএল অপটিক্যাল ফাইবার স্থাপনের কাজ করার সময় ওয়াসার সুয়ারেজ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে সেটি মেরামত করা হয়। তবে এর পাশেই সিটি করপোরেশন ফোয়ারা নির্মাণের কাজ করছিল। সেখানে বড় আকৃতির একটি রিং বসানোর সময় সড়ক দেবে যায়। পরে রিংটি সরিয়ে নেওয়া হয়।

ওয়াসার এই প্রকৌশলীর দাবি, সিটি করপোরেশনের নির্মাণকাজে ত্রুটির কারণে সড়কটি দেবে গিয়ে থাকতে পারে।

তবে সড়ক দেবে যাওয়ার প্রকৃত কারণ এবং এতে ওয়াসার আগের কাজের কোনো প্রভাব রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নির্মাণকাজের ত্রুটি, মাটির অবস্থা ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাজের সমন্বয় নিয়ে প্রশ্ন উঠেছে। সড়কটি দ্রুত সংস্কার এবং ঘটনার কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

সর্বশেষ