সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ডিবির হেফাজতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল

নিজস্ব প্রতিবেদক :
spot_img

সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসানকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। সম্প্রতি গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, থানায় অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনায় তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

- Advertisement -

বুধবার (২৫ নভেম্বর) রাতে ডিবির একজন কর্মকর্তা তাঁর হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি তিনি।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিস্তারিত বলতে পারবেন। প্রাথমিকভাবে গোপালগঞ্জের সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়টি সামনে এসেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ৩৩তম বিসিএস ব্যাচের কর্মকর্তা রাকিবুল হাসান ২০২৪ সালের ৫ আগস্টের আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর তাঁকে একটি জেলায় সংযুক্ত করা হয়। সর্বশেষ তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) সংযুক্ত ছিলেন।

এদিকে বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক সংশ্লিষ্টতা পরিহার করে জনসেবায় মনোনিবেশ করতে সংশ্লিষ্ট সদস্যদের সতর্ক করা হয়েছে। এরপরও কোনো কর্মকর্তা বা সদস্য ষড়যন্ত্রে জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তবে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুনির্দিষ্ট বিবরণ, তাঁকে হেফাজতে নেওয়ার আনুষ্ঠানিক কারণ কিংবা এ ঘটনায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ