আলেম সমাজের ওপর নির্যাতন-নিপীড়ন ও হত্যাকাণ্ড ভুলে যাওয়ার নয়: ইশরাক

নিজস্ব প্রতিবেদক :
spot_img

গত ১৭ বছরে দেশের আলেম সমাজের ওপর নির্যাতন-নিপীড়ন, অপমান ও হত্যাকাণ্ডের ঘটনা ভুলে যাওয়ার নয় বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, শাপলাচত্বরের ঘটনা এখনো মানুষের স্মৃতিতে রয়েছে। একইভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে আন্দোলনের সময় আলেমদের ওপর নির্যাতন ও গুলির ঘটনাও ভুলে যাওয়ার মতো নয়।

- Advertisement -

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর গেণ্ডারিয়ার ধুপখোলা মাঠে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদ্রাসার ২০ সালা দস্তারবন্দি মহাসম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, বিগত ১৭ বছরে বাংলাদেশে আলেম সমাজকে যেভাবে অপমান, অপদস্ত ও হেয়প্রতিপন্ন করা হয়েছে এবং হত্যা করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। শাপলাচত্বরের ঘটনা এখনো মানুষ ভুলে যায়নি। ২০২২ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে আন্দোলনে আলেম সমাজের ভূমিকার কারণে তাঁদের ওপর নির্যাতন ও গুলি চালানো হয়েছিল।

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের সমালোচনা করে তিনি বলেন, ‘বিগত দিনে যারাই ধর্মকে নিয়ে আপনাদের নিয়ে রাজনীতি করেছে, এটা অত্যন্ত ঘৃণিত ও জঘন্যতম অপরাধ করেছে।’

ফরিদাবাদ মাদ্রাসা এলাকার নির্বাচিত সংসদ সদস্য হিসেবে আলেম-ওলামাদের পাশে থাকার অঙ্গীকারও করেন ইশরাক। তিনি বলেন, ‘আপনারা আমাকে নির্বাচন করে আপনাদের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। ইনশাআল্লাহ কথা দিচ্ছি, একজন মুসলমানের সন্তান হিসেবে আমার যে দায়িত্ব রয়েছে, সেটা আমি সবসময় আলেম-ওলামা ও আমাদের মুরুব্বিদের পরামর্শ নিয়ে পালন করব।’

বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রীয় অবস্থান তুলে ধরে ইশরাক বলেন, দেশকে দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি শক্তিশালী মুসলিম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান তাঁরা। যাতে প্রতিবেশী কোনো আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের ওপর অত্যাচার-নির্যাতন চালাতে কিংবা দেশকে দাস রাষ্ট্রে পরিণত করতে না পারে।

অনুষ্ঠানে নিজের বাবার জন্যও উপস্থিত সবার কাছে দোয়া চান ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য। তাঁর বাবার ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন তিনি।

সর্বশেষ