দেশে ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মার্কেটভিত্তিক ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। বিশেষ করে আমদানি-রপ্তানি ও ব্যাক টু ব্যাক এলসি কার্যক্রমে অনিয়ম কমাতে প্রতিটি লেনদেনের তথ্য তাৎক্ষণিক আদান-প্রদানের প্রয়োজনীয়তার কথা বলেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (২৮ নভেম্বর) লোকাল এলসি-সংশ্লিষ্ট লেনদেনের তথ্য আদান-প্রদানের অনলাইন প্ল্যাটফর্ম বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্টের (বিএআরটিএ) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতের মতো বীমা খাতেও নানা ধরনের অনিয়ম হয়েছে। প্রিমিয়াম পরিশোধ না করেই অর্থ নেওয়ার ঘটনা ঘটেছে। এসব অনিয়মের কারণে সংশ্লিষ্ট সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর্থিক খাতে শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
ব্যাক টু ব্যাক এলসি ব্যবস্থার বিভিন্ন অনিয়মের প্রসঙ্গ তুলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ খাত নিয়ে অনেক কলঙ্ক রয়েছে। সরকার সবকিছু প্রস্তুত করে দেবে, আর ব্যবসায়ীরা শুধু কাজ করবেন—এমন প্রত্যাশা করা ঠিক নয়। ব্যবসায়ীদেরও এগিয়ে এসে দায়িত্ব নিতে হবে।
তিনি বলেন, প্রতিটি লেনদেনের তথ্য রিয়েল টাইমে আদান-প্রদান নিশ্চিত করা জরুরি। এ ধরনের উদ্যোগ ব্যবসায়িক কার্যক্রমে স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি অনিয়ম চিহ্নিত করতেও সহায়ক হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ভূমিকার প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, গভর্নর কম কথা বলে বেশি কাজ করেছেন।
এদিকে, অনুষ্ঠানে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রতিনিধিরা এলসি খোলার ক্ষেত্রে ব্যাংকগুলোর বিভিন্ন চার্জ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁদের মতে, ব্যবসা পরিচালনার খরচের বড় একটি অংশ ব্যয় হয় এলসি খোলা ও অ্যাকসেপ্টেন্স চার্জ পরিশোধে।
বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর (এসএমই) ব্যাংকের সঙ্গে এসব চার্জ নিয়ে দর-কষাকষির সক্ষমতা সীমিত। ফলে তাদের উৎপাদন ও ব্যবসায়িক ব্যয় বেড়ে যায়। এ পরিস্থিতিতে ব্যবসায়িক কার্যক্রম সহজ করতে এলসি খোলা ও অ্যাকসেপ্টেন্স চার্জ সহনীয় পর্যায়ে রাখার বিষয়টি বাংলাদেশ ব্যাংককে বিবেচনার অনুরোধ জানায় বিজিএমইএ।
বিএআরটিএ প্ল্যাটফর্ম চালুর মধ্য দিয়ে লোকাল এলসি-সংশ্লিষ্ট লেনদেনের তথ্য আদান-প্রদানে নতুন সুযোগ তৈরি হলো। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তথ্য বিনিময়ে তাৎক্ষণিকতা নিশ্চিত হলে ব্যবসায়িক লেনদেনে স্বচ্ছতা বাড়বে এবং আর্থিক খাতের অনিয়ম নিয়ন্ত্রণে সহায়তা মিলবে।

