নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় হৃদয়বিদারক ট্রেন দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হয়েছে ১০ বছরের শিশু রাহাত। দুর্ঘটনায় শিশুটির একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ষোলশহর রেলওয়ে ক্রসিং ও ২ নম্বর গেটের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জুমার নামাজ শেষে এক ব্যক্তি দুই শিশুকে সঙ্গে নিয়ে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। একপর্যায়ে একটি শিশু তার হাত ছেড়ে রেললাইনের দিকে এগিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে চট্টগ্রামমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ওই স্থান দিয়ে অতিক্রম করছিল।
শিশুটিকে বিপদে পড়তে দেখে পাশের এক ব্যক্তি তাকে রক্ষা করতে দ্রুত ছুটে যান। তবে শিশুটিকে সরিয়ে নেওয়ার আগেই ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি গুরুতরভাবে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। একই সময় ট্রেনের আঘাতে শিশু রাহাতও গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর স্বজন ও স্থানীয়রা শিশুটিকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন শিশুটির একটি হাত ও একটি পা কেটে যাওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, ষোলশহর এলাকায় ট্রেন দুর্ঘটনায় রাহাত নামে এক শিশু গুরুতর আহত হয়ে হাসপাতালে এসেছে। তার একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কান্তি দে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, রেললাইনে থাকা একটি শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় শিশুটি আহত হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, ষোলশহর রেলওয়ে স্টেশন থেকে ২ নম্বর গেটের মাঝামাঝি রেললাইনের পাশ দিয়ে মানুষের চলাচলের একটি পথ রয়েছে। পাশের একটি মসজিদের ঝুঁকিপূর্ণ দেয়ালের কারণে দীর্ঘদিন ধরে ওই পথটি বন্ধ থাকায় স্থানীয়রা বিকল্প হিসেবে রেললাইন ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।
স্থানীয়দের দাবি, রেললাইনের ওপর দিয়ে মানুষের নিয়মিত চলাচল থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এর আগেও ওই এলাকায় একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে তারা জানান। মানুষের চলাচলের জন্য বিকল্প পথটি দ্রুত নিরাপদভাবে চালু করার পাশাপাশি রেললাইনে পথচারীদের চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।




