আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তন নয়, নির্বাচনই একমাত্র পথ: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক :
spot_img

আন্দোলনের নামে দেশে অস্থিতিশীলতা তৈরি করে সাধারণ মানুষকে জিম্মি করার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে নির্বাচন। আন্দোলন করে সরকার গঠন কিংবা ক্ষমতার পরিবর্তন সম্ভব নয়।

- Advertisement -

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর কাকরাইলে আইডিইবি মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চিফ হুইপ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য ও ভিন্নমত থাকতেই পারে। তবে আন্দোলনের নামে অস্থিরতা ও সংঘাত সৃষ্টি করে দেশের স্বাভাবিক পরিস্থিতি নষ্ট করা উচিত নয়। জনগণ বর্তমান সরকারের কাজে সন্তুষ্ট না হলে পরবর্তী নির্বাচনে ভোটের মাধ্যমে তাদের পছন্দের সরকার গঠন করবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের প্রসঙ্গ টেনে নূরুল ইসলাম মনি বলেন, সরকার ভালো কাজ করলে জনগণ তার সুফল পাবে। আর প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে নির্বাচনের সময় জনগণই ভোটের মাধ্যমে নিজেদের সিদ্ধান্ত জানাবে। দেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলা জরুরি।

জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন ও কর্মসূচি নিয়ে তিনি বলেন, রাজনৈতিক বিরোধের কারণে নিজেদের মধ্যে সংঘাত তৈরি হলে তৃতীয় পক্ষ সেই পরিস্থিতির সুযোগ নিতে পারে। তাই রাজনৈতিক দলগুলোকে বিভেদ ভুলে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

দেশের ভবিষ্যৎ ও গণতান্ত্রিক স্থিতিশীলতা প্রসঙ্গে চিফ হুইপ বলেন, দীর্ঘ ৫৪ বছরে নানা সময় রাজনৈতিক দ্বন্দ্ব ও বিভাজন দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে। এখন পারস্পরিক বিরোধে না জড়িয়ে দেশকে সামনে এগিয়ে নেওয়ার সময়। আগামী প্রজন্মের জন্য একটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

জ্বালানি সংকটের বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় সরকার ভর্তুকির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। কিন্তু কিছু মহল কৃত্রিম সংকট তৈরি করে সরকার ও সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সম্মেলনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকার প্রশংসা করে নূরুল ইসলাম মনি বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক অগ্রগতিতে প্রকৌশলীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে দেশের সম্ভাবনাময় খাতগুলোকে এগিয়ে নিতে হবে। বিশেষ করে বরিশাল বিভাগের উন্নয়নেও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

প্রকৌশলীদের উদ্দেশে তিনি আরও বলেন, দেশের উন্নয়নে তাদের মেধা, জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। প্রকৌশলীদের যৌক্তিক দাবিগুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং প্রধানমন্ত্রীর কাছে বিষয়গুলো তুলে ধরার আশ্বাসও দেন তিনি।

অনুষ্ঠানে আইডিইবির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ডিপ্লোমা প্রকৌশলী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ