বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকায় বিভাগীয় তদন্ত শেষে তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্ব পালন না করা এবং অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগের অভিযোগে হারুন অর রশীদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছিল। এ বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো লিখিত জবাব দেননি।
পরে নিয়োগ করা তদন্ত কর্মকর্তা অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দেন। তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা ‘পলায়ন’ (Desertion) অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়। এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, বরখাস্তের এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
উল্লেখ্য, মোহাম্মদ হারুন অর রশীদ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পুলিশের অপরাধ ও অপারেশনস বিভাগের দায়িত্বেও ছিলেন তিনি। দায়িত্ব পালনকালে বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে একাধিকবার আলোচনা-সমালোচনার মুখে পড়েন এই পুলিশ কর্মকর্তা।

