নিজস্ব প্রতিবেদক : সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে দেশে ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ১৭ হাজার ৫৫২ কোটি ১০ হাজার টাকা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এ হিসাব করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মুখপাত্র আরিফ হোসেন জানান, রোববার (১৩ সেপ্টেম্বর) দেশে প্রবাসী আয় এসেছে ২ হাজার ৩৭৩ কোটি ৯০ লাখ টাকা।
গত বছরের সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৩০ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সামগ্রিক হিসাব অনুযায়ী, দেশে এ পর্যন্ত ৭২৫ কোটি ৩০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৬২০ কোটি ৬০ লাখ ডলার।
সে হিসাবে চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৬ দশমিক ৯০ শতাংশ।




