spot_imgspot_img

বিরোধী দলের অসহযোগিতার সুযোগে কেউ কেউ ডিসেম্বরে আসতে চাইছে: পানিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : বিরোধী দলের ধারাবাহিক অসহযোগিতার কারণেই কেউ কেউ আগামী ডিসেম্বরে দেশে ফেরার সুযোগ খুঁজছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

- Advertisement -

শনিবার দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকায় জিল্লুর রহিম কলেজ প্রাঙ্গণে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও লায়ন্স ইন্টারন্যাশনাল যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

পানিসম্পদমন্ত্রী বলেন, “আমরা যেদিন শপথ নিয়েছি, সেদিন বিরোধী দল উপস্থিত হয়নি। প্রথম দিন থেকে এখন পর্যন্ত বিরোধী দল প্রতি মুহূর্তে সরকারি দলকে সব ধরনের অসহযোগিতা করে যাচ্ছে। এই অসহযোগিতার কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়। বিরোধী দল সুযোগ না দিলে ও লংমার্চ না করলে এই পরিস্থিতি তৈরি হতো না।”

বিরোধী দলের সংসদ ও রাজপথের কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য তুলে ধরে তিনি বলেন, “তারা সংসদে এক কথা বলে, আর বাইরে আন্দোলন-লংমার্চের নামে জনগণের দুর্ভোগ সৃষ্টি করছে। একটা ধ্বংসস্তূপের ওপর এসে ছয় মাসের মধ্যে সব গ্যাস-বিদ্যুৎ দেওয়া সম্ভব নয়।”

গত ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “৫ই আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান হঠাৎ আসেনি; ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম ও ছাত্র-জনতার ত্যাগেই এর প্রেক্ষাপট তৈরি হয়, যা পরবর্তীতে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পথ সুগম করেছে। জনগণের ভোটে দায়িত্ব পাওয়ার পর বিএনপি এবং তারেক রহমানের সরকার কোনো ষড়যন্ত্রই মেনে নেবে না।”

আগামী দিনে নির্বাচনকে প্রভাবিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান পানিসম্পদমন্ত্রী।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ