মো.রাকিব :
চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন ১১ জেলায় পুলিশের পৃথক অভিযানে ২৪ ঘণ্টায় ৫৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১০৮ জনকে। একই সময়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, চোলাইমদ ও বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, শনিবারের ২৪ ঘণ্টায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে ১০৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে তিনজন মাদক বহনকারী, ৭৬ জন মাদকসেবী এবং নিয়মিত ও অন্যান্য মামলায় ২৯ জন মাদক ব্যবসায়ী রয়েছেন।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে অর্থদণ্ড করা হয়েছে ৬ হাজার ৭৫০ টাকা। এসব ঘটনায় মোট ২৮টি মাদক মামলা দায়ের করা হয়েছে।




