আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর আপিল করার সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, দেশে ফিরতে হলে শেখ হাসিনাকে অবশ্যই প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।
তিনি জানান, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের জন্য ৩০ দিনের সময় নির্ধারণ করা হয়েছে। এই সময়ের মধ্যে আপিল না করলে পলাতক আসামির পরবর্তী সময়ে আপিল করার সুযোগ থাকে না। এমনকি নির্ধারিত সময় পার হওয়ার পর তা মওকুফ করারও কোনো বিধান আইনে রাখা হয়নি।
আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার প্রয়োজনীয় আইনি পদক্ষেপ সম্পন্ন করেছে। এখন প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আপিলের সময়সীমা পার হয়ে গেলে আদালতের মাধ্যমে সেই সময় বাড়ানোর সুযোগ নেই। বিশেষ আইনে এ ধরনের কোনো বিধান রাখা হয়নি। উল্লেখ্য, আইনটি শেখ হাসিনার সরকারের আমলেই সংশোধন করা হয়েছিল।
এ সময় সংবিধানের ৪৭ অনুচ্ছেদের ৩ উপঅনুচ্ছেদের বিষয়টিও তুলে ধরেন মন্ত্রী। তার বক্তব্য অনুযায়ী, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিদের ক্ষেত্রে মৌলিক অধিকারসংক্রান্ত কিছু সাংবিধানিক সুরক্ষা প্রযোজ্য হওয়ার সুযোগ সীমিত করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারায় ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের বিধান রয়েছে। এই ধারার উপধারা (১) অনুযায়ী, দণ্ডিত ব্যক্তি দোষী সাব্যস্ত হওয়ার রায় ও সাজা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করতে পারেন। তবে উপধারা (৩) অনুসারে, দণ্ডাদেশ, খালাস কিংবা সাজা ঘোষণার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়। ২০১৩ সালের সংশোধনীর মাধ্যমে ধারাটির বর্তমান বিধান যুক্ত করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে দেশের বিভিন্ন জেলায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তের কাজ শিগগিরই শুরু করতে যাচ্ছে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। এ বিষয়ে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।
তিনি বলেন, তদন্ত সংস্থা ও প্রসিকিউশন স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করবে। তদন্তের কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। তদন্তের প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যখন যে সহযোগিতা চাইবে, সরকার তা নিশ্চিত করবে।
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া নিয়েও কথা বলেন আসাদুজ্জামান। এ বিষয়ে তিনি জানান, তদন্ত সংস্থা ও প্রসিকিউশন নিজেদের মতো করে স্বাধীনভাবে কাজ করবে। তাদের কার্যক্রমে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না।
এ ছাড়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, সাক্ষী সুরক্ষার বিষয়টি সরকার পর্যালোচনা করছে।

