ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা ও পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ১৯৭৩ সালের আইন উল্লেখ করে তিনি শেখ হাসিনাকে পলাতক মানবতাবিরোধী অপরাধী হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে তার বিরুদ্ধে হওয়া মামলাগুলোর সাজা এবং বিচারাধীন মামলার সম্ভাব্য দণ্ড ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন রিজভী।
জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয়। সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচি অন্যায়, নিপীড়ন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদের অংশ। শেখ হাসিনার দেশে ফেরার আকাঙ্ক্ষার বিরুদ্ধেও এ কর্মসূচি পালন করা হচ্ছে।
বক্তব্যে শেখ মুজিবুর রহমানের শাসনামলের সমালোচনা করে বিএনপির এই নেতা অভিযোগ করেন, বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে তিনিও ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম করেছিলেন।
শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচারপ্রক্রিয়া প্রসঙ্গে রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। মানবতাবিরোধী অপরাধ, মানুষ হত্যা, শিক্ষার্থী ও শ্রমিক হত্যার অভিযোগে তার বিরুদ্ধে যে দণ্ড দেওয়া হয়েছে এবং যেসব মামলা এখনো বিচারাধীন রয়েছে, সেগুলোর আইনি পরিণতি তাকে ভোগ করতে হবে।
আওয়ামী লীগের পলাতক নেতাদের জীবনযাপন নিয়েও সমালোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি দাবি করেন, দলটির অনেক নেতা কলকাতায় ফ্ল্যাট কিনে অবস্থান করছেন। কেউ থাইল্যান্ডের ব্যাংকক, আবার কেউ সিঙ্গাপুরে রয়েছেন। অথচ দেশে থাকা তৃণমূলের কর্মীদের বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের উদ্দেশে রিজভী বলেন, বিচ্ছিন্ন সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তিকে ভয় দেখানো সম্ভব নয়। অতীতে গুম, খুন ও নানা ধরনের নির্যাতনের শিকার হয়েও বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আন্দোলন চালিয়ে গেছেন।
তিনি আরও বলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নও অতীতে শারীরিক নির্যাতনসহ বিভিন্ন নিপীড়নের শিকার হয়েছেন। তারপরও নেতা-কর্মীদের দমিয়ে রাখা যায়নি।
ফ্যাসিবাদবিরোধী আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে রিজভী বলেন, জাতীয়তাবাদী শক্তি কোনো পরিস্থিতিতেই মাথা নত করবে না। ফ্যাসিবাদ প্রতিষ্ঠার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে দেশের জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধভাবে রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

