নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাটগড় রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কালিয়াইশ ইউনিয়নের মাইঙ্গাপাড়া এলাকার আব্দুল মাবুদ ওরফে কানা মামুদের ছেলে আবু তাহের (৫০) এবং ধর্মপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের অটোরিকশাচালক আব্দুস শুক্কুর (৪০)।
স্থানীয়রা জানান, আবু তাহের পেশায় মুদি দোকানি। রোববার দুপুরে তিনি দোহাজারী থেকে দোকানের জন্য বাজার করে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বাড়ির উদ্দেশে রওনা দেন। অটোরিকশাটি পূর্ব কাটগড় রেলগেট এলাকায় পৌঁছালে কোনো একপর্যায়ে সেটি রেললাইনের ওপর উঠে যায়।
ঠিক তখন কক্সবাজারের দিক থেকে আসা একটি ট্রেন অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই আবু তাহের মারা যান। গুরুতর আহত হন চালক আব্দুস শুক্কুর।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত আব্দুস শুক্কুরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দিকে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ এবং রেলগেটের নিরাপত্তাব্যবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে।




