মো.রাকিব,চট্টগ্রাম: নগরের ইপিজেড থানার আওতাধীন সিইপিজেডের ৫ নম্বর সড়কে পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত দুজনই শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন-তামান্না ও মো. খলিল। তামান্না শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি নগরের কলসির দীঘীর পাড়ের ওয়াসিম চৌধুরী পাড়া এলাকায় বসবাস করতেন। তার স্থায়ী বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায়।
অপর নিহত মো. খলিলও শ্রমিক ছিলেন। তিনি মৃত গোলাম মোস্তফার ছেলে। নগরের ফ্রি পোর্ট এলাকায় বসবাস করতেন তিনি।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক জানান, সকালে সিইপিজেডের ৫ নম্বর সড়কে একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ বর্তমানে চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

