নিয়োগ পরীক্ষা স্থগিতের ঘোষণা, ভোগান্তিতে পরীক্ষার্থীরা; অবরুদ্ধ রাজধানীর সড়ক

নিজস্ব প্রতিবেদক
spot_img

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরই তা স্থগিত করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরীক্ষা স্থগিতের খবরে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, টেকনিক্যাল মোড়সহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন।

- Advertisement -

পরীক্ষার্থীদের অবরোধের কারণে মিরপুর সড়ক, মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়। এতে কর্মজীবী মানুষসহ সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। এ সময় প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।

মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং মোড়ে বগুড়া থেকে পরীক্ষা দিতে আসা মো. শাহাদাত হোসেন জানান, সারা রাত বাসে ভ্রমণ করে সকালে ঢাকায় পৌঁছান তিনি। পথে নানা ভোগান্তি পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হন। বেলা ১১টার দিকে পরীক্ষার খাতা দেওয়া হলেও প্রশ্ন বিতরণের আগেই পরীক্ষকদের পক্ষ থেকে পরীক্ষা হবে না বলে জানিয়ে সবাইকে কেন্দ্র ছাড়তে বলা হয় বলে অভিযোগ করেন তিনি।

আন্দোলনরত পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা আয়োজন ও কেন্দ্র ব্যবস্থাপনায় সমন্বয়ের অভাব ছিল। কোনো কোনো কেন্দ্রে পরীক্ষার্থীরা প্রশ্নপত্র পেয়ে পরীক্ষা শুরু করলেও অন্য কয়েকটি কেন্দ্রে উত্তরপত্র বিতরণের পর প্রশ্ন দেওয়ার আগেই পরীক্ষা স্থগিত করা হয়। এ ধরনের পরিস্থিতিতে পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও বিভ্রান্তি তৈরি হয়েছে বলে জানান তারা।

এদিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আন্দোলনকারীদের পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলো হলো—প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা, দূরদূরান্ত থেকে পরীক্ষা দিতে আসা প্রার্থীদের ক্ষতিপূরণ দেওয়া এবং আগামী ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা আয়োজন করা।

পরীক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ কথা বলেছে এবং তাদের দাবিগুলো সম্পর্কে অবগত হয়েছে। আন্দোলনকে কেন্দ্র করে বাইরের কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

সর্বশেষ