দুর্গাপূজা উপলক্ষে টানা তিন দিন বন্ধ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
spot_img

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংকে ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে বন্দর এলাকার ব্যাংকগুলোতে টানা পাঁচ দিন নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে। তবে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা এবং বুথগুলোতে সীমিত পরিসরে কার্যক্রম চালু রাখতে হবে।

- Advertisement -

রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। সার্কুলার লেটার নম্বর-১৫-এর মাধ্যমে ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২২ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংকে নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ছুটির আগে ১৭ অক্টোবর শনিবার ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, আমদানি-রপ্তানি কার্যক্রমে যাতে বিঘ্ন না ঘটে, সে জন্য বন্দর ও কাস্টমস এলাকাগুলোতে অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোকে বিশেষ ব্যবস্থা নিতে হবে। ২০ থেকে ২২ অক্টোবরের সরকারি ছুটির পাশাপাশি ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটিতেও এসব শাখা ও বুথে আমদানি-রপ্তানি সংক্রান্ত ব্যাংকিং সেবা সীমিত পরিসরে চালু রাখতে হবে।

এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

দুর্গাপূজার ছুটির কারণে সাধারণ ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকলেও বাণিজ্যিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে বন্দর এলাকার ব্যাংকগুলোতে বিশেষ ব্যবস্থা কার্যকর থাকবে।

সর্বশেষ