কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় প্রাথমিকভাবে কোনো সম্পৃক্ততার তথ্য না পেলেও কক্সবাজারের আলোচিত তরুণ রাজুকে আটক করেছে পুলিশ। এক নাবালিকাকে প্ররোচিত করে কক্সবাজারে নিয়ে বিপদের মুখে ফেলার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।
রোববার (১১ অক্টোবর) রাতে কক্সবাজারের কলাতলী এলাকা থেকে রাজুকে আটক করেন কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) সাগর।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী রাজুকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, রাজুকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে সাদা পোশাকে দুই পুলিশ সদস্যকে তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যেতে দেখা যায়। এ সময় রাজুর সঙ্গে পুলিশ সদস্যদের কিছুটা ধস্তাধস্তিও হয়।
মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) অর্ণব জানান, জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডে রাজুর জড়িত থাকার কোনো তথ্য প্রাথমিকভাবে পাওয়া যায়নি। তবে হত্যাকাণ্ডের বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।
তদন্ত কর্মকর্তা বলেন, হত্যাকাণ্ডের তদন্তে বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি একজন নাবালিকাকে যেভাবে কক্সবাজারে এনে বিপদের মুখে ফেলার অভিযোগ উঠেছে, সেটিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে রাজুকে আটক করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। সপ্তম শ্রেণির এই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

