মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের নিজ দপ্তরে প্রবেশকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে উপাচার্য ভবন না ছাড়ায় তাঁকে ভেতরে রেখেই ভবনের ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার পর উপাচার্য ভবনকে ‘ভ্যাকেন্ট’ বা খালি ঘোষণা করে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। একই সঙ্গে ভবনের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা এর আগে সোমবার দুপুর ১২টার মধ্যে উপাচার্যকে ভবন ত্যাগের আলটিমেটাম দিয়েছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে তিনি ভবন না ছাড়লে সেটিকে খালি ঘোষণা, ফটকে তালা দেওয়া এবং বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দেন তাঁরা।
শিক্ষার্থীদের সেই ঘোষণার পর নির্ধারিত সময় পেরিয়ে গেলে উপাচার্য ভবনের ফটকে তালা দেওয়া হয়। কর্মসূচি বাস্তবায়নে সকাল থেকেই ভবনের সামনে অবস্থান নেওয়ার জন্য আন্দোলনকারীদের আহ্বান জানানো হয়েছিল।
এদিকে, ১১ ও ১২ অক্টোবরের জন্য যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক মো. আরাফাত রহমানকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েও আপত্তি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাঁদের এই প্রতিবাদের মধ্যে ক্যাম্পাসে উত্তেজনা আরও বেড়েছে।
সকাল থেকে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে চুয়েট ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। উপাচার্যকে ঘিরে চলমান বিরোধের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

