চকবাজারে মনজুর খান প্লাজায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১০ ইউনিট

নিজস্ব প্রতিবেদক :
spot_img

পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটের গোডাউনে লাগা আগুন দীর্ঘ সময়েও নিয়ন্ত্রণে আসেনি। সোমবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিট পর্যন্ত ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভাতে কাজ করছিল। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুই সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

- Advertisement -

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন রাত ১২টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে না আসার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এখনো কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৫টা ২ মিনিটে মনজুর খান প্লাজায় আগুন লাগার খবর আসে। এর দুই মিনিট পরই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। বিকেল ৫টা ২২ মিনিটে প্রথম ইউনিট সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রাথমিকভাবে পাঁচটি ইউনিট কাজ করলেও আগুন ছড়িয়ে পড়ায় পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির দ্বিতীয় থেকে চতুর্থ তলা পর্যন্ত রয়েছে দোকান। পঞ্চম থেকে সপ্তম তলা ব্যবহার করা হয় গোডাউন হিসেবে। এসব গোডাউনে ভ্যানিটি ব্যাগ, প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন ধরনের পণ্য মজুত রাখা হয়। অধিকাংশ গোডাউনই মালামালে ঠাসা।

তাঁদের ভাষ্য, বিকেলে ভবনটির ষষ্ঠ তলার এক পাশে প্রথমে আগুন দেখা যায়। পরে তা ছড়িয়ে পড়তে শুরু করলে দোকান ও গোডাউনের মালিক-কর্মচারীরা মালামাল রেখে দ্রুত বেরিয়ে যান।

স্থানীয়দের মতে, অধিকাংশ গোডাউন তালাবদ্ধ থাকায় আগুন নেভাতে গিয়ে সমস্যায় পড়েন ফায়ার সার্ভিসের কর্মীরা। ভেতরে ঢুকে আগুনের উৎসে পৌঁছানো এবং আগুন ছড়িয়ে পড়া ঠেকানো কঠিন হয়ে পড়ে। এর সঙ্গে গোডাউনগুলোতে বিপুল পরিমাণ দাহ্য ও অন্যান্য পণ্য মজুত থাকায় আগুনের তীব্রতা বাড়তে থাকে।

রাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে না আসায় ভবনটির ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

সর্বশেষ