মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের কঠোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক :
spot_img

দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, কিশোর গ্যাং প্রতিরোধ, ইভটিজিং বন্ধ এবং ‘র‍্যাগ ডে’র নামে বিশৃঙ্খলা রোধে বিশেষ কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগী করে তুলতে অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

- Advertisement -

এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন আগামী ২৬ অক্টোবরের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের।

মঙ্গলবার (১৩ অক্টোবর) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি এবং শিক্ষাঙ্গনে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী প্রচারণার অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৈরি ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন করতে হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে ইভটিজিং প্রতিরোধ এবং ‘র‍্যাগ ডে’র নামে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। কিশোর গ্যাংয়ের ঝুঁকি মোকাবিলায় শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবেশ বজায় রাখার বিষয়টিও গুরুত্ব পেয়েছে নির্দেশনায়।

শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং রাতে নিয়মিত অধ্যয়নের অভ্যাস গড়ে তুলতে অভিভাবক সমাবেশ, সভা-সেমিনার ও প্রচারণাপত্র বিতরণের মতো কার্যক্রম গ্রহণ করতে বলা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়েছে অধিদপ্তর।

মাউশির নির্দেশনায় কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি অগ্রগতি পর্যালোচনার জন্য তথ্য সংগ্রহের বিষয়েও বিস্তারিত বলা হয়েছে। সংশ্লিষ্ট আঞ্চলিক কর্মকর্তাদের আওতাধীন জেলাগুলোর মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা, মাদকবিরোধী ডকুমেন্টারি প্রদর্শনের হার, ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠনের তথ্য, অভিভাবক সমাবেশ আয়োজন এবং রাতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে নেওয়া উদ্যোগের বিবরণ ছক আকারে প্রস্তুত করতে হবে।

নির্ধারিত ছকে এসব তথ্য সংকলন করে আগামী ২৬ অক্টোবরের মধ্যে ই-মেইলের মাধ্যমে অধিদপ্তরে পাঠাতে হবে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের।

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক, হয়রানি ও কিশোর গ্যাংয়ের মতো সমস্যার প্রতিরোধ এবং শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীল আচরণ ও অধ্যয়নমুখী মনোভাব গড়ে তুলতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ