নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার নিন্দা জানালেন সাবেক সরকারের ১৩ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :
spot_img

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন সাবেক সরকারের ১৩ উপদেষ্টা। তারা অভিযোগ করেছেন, ইউনূসকে লক্ষ্য করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর পাশাপাশি শারীরিক হুমকিও দেওয়া হচ্ছে।

- Advertisement -

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এসব কথা বলেন। সাবেক উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান বিবৃতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবৃতিতে সাবেক উপদেষ্টারা বলেন, অর্থনৈতিক লুটপাট, দুর্নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের দুর্বলতা, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনে বিপর্যস্ত রাষ্ট্র পুনর্গঠনের কঠিন দায়িত্ব পালন করেছে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ওই সময়ে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো অপরাধ বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছিল বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

তারা বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার। এরপর গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন, নির্যাতনের শিকার ব্যক্তিদের বিচার এবং মানবাধিকার সুরক্ষার কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, কিছু রাজনৈতিক দুর্বৃত্ত ও স্বার্থান্বেষী মহল অধ্যাপক ইউনূসকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে অপপ্রচার চালাচ্ছে। ভয়ভীতি, অনলাইন হয়রানি ও ব্যক্তিগত হুমকির মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরি এবং সাবেক অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তারা।

সাবেক উপদেষ্টারা বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা সংস্কার ও মর্যাদার আকাঙ্ক্ষা দমিয়ে রাখা যাবে না। তরুণদের আত্মত্যাগে অর্জিত পরিবর্তনের জনমতও অপপ্রচারের মাধ্যমে মুছে ফেলা সম্ভব নয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী ১৩ সাবেক উপদেষ্টার মধ্যে রয়েছেন ড. সালেহউদ্দিন আহমেদ, ড. এম. ফজলুল কবির খান, সি আর আবরার, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, জাহাঙ্গীর আলম চৌধুরী, ডা. সাখাওয়াত হোসেন, ফারুক ই আজম বীর প্রতীক, ফরিদা আখতার, শারমিন সোনিয়া মুরশিদ, মোস্তফা সরয়ার ফারুকী ও সৈয়দা রিজওয়ানা হাসান।

সর্বশেষ