ইয়েমেনের তাইজ প্রদেশে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করেছে দেশটির সরকারি বাহিনী। অভিযানে নতুন কয়েকটি অবস্থান দখলের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় বিদ্রোহীদের লক্ষ্য করে ১ হাজার ১৬৪টি হামলা চালানোর দাবি করেছে তারা। এসব হামলায় হুতিদের আনুমানিক ৫৫৮ জন যোদ্ধাকে নিষ্ক্রিয় করা হয়েছে বলেও জানিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী।
মঙ্গলবার (২০ অক্টোবর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র মাজেদ আল নুজাইলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিযানের বিস্তারিত তুলে ধরেন।
সামরিক বাহিনীর দাবি, ‘ডন অব ইয়েমেন’ নামের অভিযানের অংশ হিসেবে তাইজে হুতি যোদ্ধাদের পিছু হটতে বাধ্য করা হয়েছে। বিমান হামলা ও গোলন্দাজ বাহিনীর সহায়তায় পরিচালিত এ অভিযানে বিদ্রোহীদের বেশ কয়েকটি অবস্থান লক্ষ্য করে আঘাত হানা হয়।
আল নুজাইলি জানান, অভিযানে হুতিদের ১৩৫টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্রোহীদের সেনা সমাবেশস্থল, অতিরিক্ত যোদ্ধা ও সামরিক সরঞ্জাম পাঠানোর পথ, প্রতিরক্ষাব্যবস্থা এবং রসদ সরবরাহের রুটকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
তিনি আরও জানান, অভিযান পরিচালনায় যুদ্ধবিমান, ড্রোন, ফিল্ড আর্টিলারি, রকেট লঞ্চার ও স্নাইপার ইউনিট ব্যবহার করা হয়েছে। সরকারি বাহিনীর ভাষ্য অনুযায়ী, এসব হামলার ফলে হুতিদের গোলাবর্ষণের অবস্থান ও সরবরাহব্যবস্থা ব্যাহত হয়েছে।
তবে অভিযানে হতাহতের সংখ্যা, সামরিক সরঞ্জাম ধ্বংসের পরিমাণ এবং নতুন অবস্থান দখলের বিষয়ে ইয়েমেনের সরকারি বাহিনীর দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে হুতি বিদ্রোহীদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আরব নিউজ

