নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোলাগুলি এবং প্রায় দুই হাজার পর্যটক আটকে পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পরিস্থিতি মোকাবিলায় ভুয়া গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর না করে সঠিক তথ্যের ভিত্তিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাজেকের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন শফিকুর রহমান। তিনি লেখেন, ‘রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না দৌড়িয়ে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ব্যাপারে সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।’
পোস্টে সাধারণ নাগরিকদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই। সময় থাকতে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন।’
সাজেকে গোলাগুলির ঘটনায় পর্যটকদের আটকে পড়ার বিষয়টি জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। এমন পরিস্থিতিতে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে পরিস্থিতি মূল্যায়ন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বিরোধীদলীয় নেতা।
তবে গোলাগুলির সূত্রপাত, সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীর পরিচয় এবং আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়ে তাঁর পোস্টে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।

