চট্টগ্রামে বৃষ্টির আভাস, বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক :
spot_img

দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আগামী ২৩ অক্টোবরের দিকে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

- Advertisement -

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারা দেশে প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। তবে এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের আভাস নেই। আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সপ্তাহের শেষ দিকে বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়ার বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, পাঁচ দিনের পূর্বাভাসের শেষ দিকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার মধ্যে আবহাওয়ার এ পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে।

তবে লঘুচাপটি পরবর্তী সময়ে কতটা শক্তিশালী হবে এবং দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের ওপর এর কী প্রভাব পড়বে, তা পরবর্তী আবহাওয়ার পূর্বাভাসে আরও স্পষ্ট হতে পারে।

সর্বশেষ