মোঃ রাকিব চট্টগ্রাম নগরের উত্তর মধ্যম হালিশহর এলাকায় মসজিদ ও কবরস্থানসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যবেক্ষণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এলাকার উন্নয়ন চাহিদার বিষয়ে খোঁজখবর নেন।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে নগরের ৩৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে এসব উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় বিএনপির স্থানীয় নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রথমে আদর্শপাড়া বায়তুল নূর জামে মসজিদের কবরস্থানের মাটি ভরাটের কাজ ঘুরে দেখেন মন্ত্রী। পরে জাফরখানপাড়া মসজিদের মাটি ভরাটসহ আশপাশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
এ ছাড়া শেখ ফজর আলী মাতব্বর বাড়ি মসজিদ, ভেন্ডা চৌধুরী জামে মসজিদ এবং ভূদা গাজী জামে মসজিদের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
এদিন পণ্ডিত বাড়ি কবরস্থানের মাটি ভরাট ও সীমানাপ্রাচীর নির্মাণকাজও পরিদর্শন করেন তিনি। সংশ্লিষ্ট প্রকল্পগুলোর বর্তমান অবস্থা দেখার পাশাপাশি স্থানীয়দের প্রয়োজন ও এলাকার উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হন মন্ত্রী।
পরিদর্শনকালে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এম আজিজ, শাহ আলম, শেখ নুরুল্লাহ বাহার ও মনজুর আলম উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপি নেতা হাজী হানিফ সওদাগর, সরফরাজ কাদের রাসেল, জাহিদুল হাসান, হাসান মুরাদ, কামাল উদ্দিন, মো. শওকত, ফারুক আহমেদ, অ্যাডভোকেট সেলিম উদ্দিন শাহীন, শাহাবুদ্দিন সাবু, মো. ইসমাইল খান, মো. হারুন, হাসান, মোহাম্মদ আরজু ও মোহাম্মদ সিরাজসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এলাকার বিভিন্ন মসজিদ ও কবরস্থানের উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের মধ্য দিয়ে স্থানীয় অবকাঠামোগত চাহিদা ও চলমান প্রকল্পের অগ্রগতি সম্পর্কে ধারণা নেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী।

