সুন্দরবন থেকে মোংলা বন্দর, অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ খুলনা-বাগেরহাট সফর, বন্দরের সম্প্রসারণ ও প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন ঘুরে দেখবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন। সফরে সুন্দরবনের হিরণ পয়েন্ট ও আশপাশের এলাকা আকাশপথে পরিদর্শনের পাশাপাশি মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম, জেটি এবং প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন ঘুরে দেখবেন তিনি। দিনব্যাপী এ সফরে সরকারি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

- Advertisement -

প্রধানমন্ত্রীর প্রেস উইং সফরের বিষয়টি নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচিতে সুন্দরবন পরিদর্শন, নৌবাহিনীর স্থাপনায় সভা এবং মোংলা বন্দর ও অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন গুরুত্ব পেয়েছে।

সফরসূচি অনুযায়ী, সকাল ৮টা ৩০ মিনিটে নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করবেন তিনি। সকাল ১০টার দিকে হিরণ পয়েন্ট ও সংলগ্ন সুন্দরবন এলাকা আকাশপথে পরিদর্শন করবেন।

এরপর সকাল ১০টা ৩০ মিনিটে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করার কথা রয়েছে তাঁর। সেখান থেকে সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে ওয়ার্ডরুমে যাবেন তিনি। সেখানে মধ্যাহ্ন বিরতির পর বেলা ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

বিকেলের কর্মসূচিতে রয়েছে মোংলা বন্দরের কার্যক্রম ও জেটি পরিদর্শন। বেলা ৩টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন এলাকা ঘুরে দেখবেন। এসব কর্মসূচির মধ্য দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দর ও সম্ভাবনাময় অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন দিক সরেজমিনে দেখার সুযোগ হবে তাঁর।

দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেল ৫টার দিকে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত চিঠিতে সফরসূচির বিষয়টি জানানো হয়েছে। সফরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসন এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নিয়েছে।

মোংলা বন্দর দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। অন্যদিকে, প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলটি বাস্তবায়িত হলে এ অঞ্চলে শিল্পায়ন ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে সফরকালে এসব বিষয়ে নতুন কোনো প্রকল্প ঘোষণা বা সিদ্ধান্ত নেওয়া হবে কি না, তা কর্মসূচির বিবরণে উল্লেখ করা হয়নি।

সর্বশেষ