বাংলাদেশের ক্রীড়াঙ্গনে জিয়াউর রহমানের অবদান স্মরণ করলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক :
spot_img

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের উদ্যোগে শুরু হয়েছে ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা। ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের ৫৭টি সংস্থার ৫৬৫ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন।

- Advertisement -

শুক্রবার জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন।

রাষ্ট্রপতি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দিয়েছিলেন। অন্যদিকে, বেগম খালেদা জিয়া তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে বিভিন্ন কার্যকর উদ্যোগ নিয়েছিলেন।

একটি সুস্থ ও শক্তিশালী জাতি গঠনে খেলাধুলার অপরিহার্য ভূমিকার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি দেশীয় ক্রীড়াবিদদের দক্ষতা ও যোগ্যতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, বিদেশি দল বা খেলোয়াড়দের দিকে তাকিয়ে না থেকে নিজেদের অ্যাথলেটদের আন্তর্জাতিক মানে গড়ে তুলতে হবে।

উদ্বোধনী বক্তব্যের পর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ ও নারীদের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন রাষ্ট্রপতি। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

এবারের প্রতিযোগিতায় পুরুষ ও নারী মিলিয়ে মোট ৫৬৫ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে ৪৩১ জন পুরুষ এবং ১৩৪ জন নারী। প্রতিযোগিতায় পুরুষদের ২২টি ও নারীদের ১৮টিসহ মোট ৪০টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।

আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতার মধ্য দিয়ে দেশের অ্যাথলেটদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে এবং জাতীয় পর্যায়ে খেলাধুলার চর্চা আরও গতিশীল হবে।

সর্বশেষ