প্রবাসীদের আকামার মেয়াদ বাড়াতে সৌদির সঙ্গে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে আটকে পড়া বাংলাদেশি প্রবাসীদের ভিসা ও আকামার মেয়াদ বাড়াতে কাজ করছে সরকার। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং তাঁদের পরিবারকে সহায়তা দেওয়ার কার্যক্রমও চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

- Advertisement -

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মো. শাহেদ আহম্মেদের মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, গত ছয় মাসে মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত ১১ বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। অন্য নিহতদের মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়াও চলছে। নিহতদের পরিবারের সদস্যদের সব ধরনের সহায়তা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। এ সময় সরকারি সহায়তার চেক নিহতের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন প্রতিমন্ত্রী।

সৌদি আরবে আটকে পড়া প্রবাসীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, তাঁদের ভিসা ও আকামার মেয়াদ বাড়ানোর জন্য সরকার কাজ করছে। মেয়াদ বাড়ানো সম্ভব হলে সেখানে অবস্থানরত প্রবাসীরা প্রয়োজনীয় সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিস্তারিত তথ্য জানতে দেশটির সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ সরকার। রায়ের নথি পাওয়া গেলে মৃত্যুদণ্ড কার্যকরের পেছনের ঘটনা ও সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে বলে জানান তিনি।

শামা ওবায়েদের দাবি, ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি কর্তৃপক্ষ আগে থেকে বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটকে কিছু জানায়নি। বিষয়টি নিয়ে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

প্রবাসীদের ভিসা ও আকামার মেয়াদ বৃদ্ধি, নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ-সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের বিভিন্ন সংকট মোকাবিলায় কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার।

সর্বশেষ